১১ হাজার বছর আগের ক্যানসার
বিশ্বে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে শারীরিক সম্পর্কের মাধ্যমে সংক্রমিত হয়, জানামতে এমন দুই ধরনের ক্যানসার রয়েছে। এর একটি হচ্ছে ক্যানাইন ট্রান্সমিসিবল ভেনেরিয়াল টিউমার বা সিটিভিটি। কুকুরের যৌনক্রিয়ার মাধ্যমে এ ক্যানসার ছড়িয়ে পড়ে—এ তথ্য আগে থেকেই জানা। তবে আশ্চর্যজনক তথ্য হচ্ছে, সিটিভিটির উৎপত্তি ১১ হাজার বছর আগে। কুকুরের যৌনক্রিয়ার মাধ্যমে এ ক্যানসার এত দীর্ঘদিন টিকে রয়েছে। ব্রিটিশ বিজ্ঞানীদের একটি জিনগত গবেষণায় এমন ইঙ্গিতই দেওয়া হয়েছে। ক্যানসারবাহী ওই জিনগুলো (বংশানুগতির অন্যতম নিয়ন্ত্রক উপাদান) গবেষণা করে মানবসভ্যতার শুরুর দিকে গৃহপালিত কুকুরের ব্যাপারেও বিভিন্ন তথ্য-উপাত্ত পাওয়া যাবে। যুক্তরাজ্যের ওয়েলকাম ট্রাস্ট স্যাঙ্গার ইনস্টিটিউটের গবেষক এলিজাবেথ মার্চিসন বলেন, বিশ্বের সব এলাকার কুকুরের দেহেই ওই টিউমার রয়েছে। যদিও ১১ হাজার বছর আগে একটিমাত্র কুকুর থেকে এগুলোর উৎপত্তি হয়। নিউসায়েন্টিস্ট।