১১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব
তথ্যপ্রযুক্তির মাধ্যমে এগিয়ে নিতে হলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে কম্পিউটার পৌঁছে দিতে হবে।এ জন্য চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মেট্রো এলাকার ১১৫টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপনের কর্মসূচি নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে মিলনায়তনে (বিসিসি) ৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপনের অবহিতকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘একটি দেশের মানবসম্পদ তথ্যপ্রযুক্তিতে সচেতন হলে সে দেশ তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যেতে পারে খুব সহজে। তিনি বলেন, যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের বিকল্প নেই। তাই আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি।’ অনুষ্ঠানে ৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭০ জন প্রধান ও কম্পিউটার শিক্ষকের হাতে কম্পিউটারসামগ্রী তুলে দেওয়া হয়। রাজশাহী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ আরা বলেন, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করতে পারে শিক্ষার্থীরা। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের (আইসিটি) অধীন বিসিসি এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে ছিলেন একসেস টু ইনফরমেশনের (এটুআই) জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান, আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, বিসিসির কার্যনিবাহী পরিচালক মাহফুজুর রহমানসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত আইসিটি সচিব আবদুর রব হাওলাদার।শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন কর্মসূচির পরিচালক মো. মাসুম বিল্লাহ জানান, এই কর্মসূচিতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ১১টি কম্পিউটার, একটি লেজার প্রিন্টার, ছয়টি ইউপিএস, একটি সুইচ, পাঁচটি ইউএসবি মডেম এবং ছয়টি কম্পিউটার টেবিল ও ১১টি কম্পিউটার চেয়ারের সমন্বয়ে একটি আধুনিক ল্যাব স্থাপন করতে সাহায্য করা হবে। এ ছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কক্ষ সংস্কার ও অন্যান্য আনুষঙ্গিক কাজ বাবদ ২০ হাজার টাকা দেওয়া হবে। —তারিকুর রহমান খান