ইন্টারনেটে বিভিন্ন জার্নাল, গবেষণাপত্র ও ই-বুক যাতে সহজেই পড়া যায়, সে উদ্দেশ্যে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) গ্রন্থাগারে ২০১০ সালে ডিজিটাল প্রযুক্তি যোগ করা হয়। একে ডিজিটালগ্রন্থাগার হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। বরাদ্দ দেওয়া হয় ১২টি কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ। কিন্তু অব্যবস্থাপনায় বর্তমানে এই গ্রন্থাগারের ইন্টারনেট কর্নারের অবস্থা নাজুক। ১২টি কম্পিউটারের আটটিই বিকল।এ প্রসঙ্গে কম্পিউটার কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রেজা বলেন, ‘প্রকৌশল শিক্ষায় গবেষণা ও প্রকল্পভিত্তিক কাজের জন্য সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ দরকার। বিশেষ করে জার্নাল, গবেষণাপত্র ও ই-বুক পড়ার জন্য। কিন্তু গ্রন্থাগারের ইন্টারনেট কর্নারের বেশির ভাগ কম্পিউটার নষ্ট থাকায় আমাদের গবেষণা ও প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে।’জানা যায়, বিকল হওয়া কম্পিউটারগুলোর বেশির ভাগ ক্ষেত্রেই সিপিইউ নষ্ট এবং কিছু কম্পিউটারে অপারেটিং সিস্টেম কাজ করছে না। আবার কয়েকটিতে ইন্টারনেট সংযোগ কাজ না করায় ব্যবহার করতে পারছেন না শিক্ষার্থীরা। নিয়মিত তদারকি ও মেরামতকাজ না করার কারণে এ বেহাল দশার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীরা।এ প্রসঙ্গে চুয়েটের গ্রন্থাগারিক মো. আবুল হোসাইন শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু বলতে রাজি নই।’বিষয়টি নিয়ে চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস বলেন, ‘কম্পিউটার বিকলের ব্যাপারটি আমি অবগত নই। তবে ব্যাপারটি আমি দ্রুত সমাধানের ব্যবস্থা নেব।’ —আসাদুজ্জামান খান, চুয়েট