১২ ঘণ্টায় দুই লাখ আইফোন৪এস বিক্রি!
বাজারে আসার মাত্র ১২ ঘণ্টার মধ্যে দুই লাখ আইফোন৪এস বিক্রি হয়েছে।অ্যাপলকম্পিউটারের নতুন এই স্মার্টফোন বিক্রি করেছে যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুর এক দিন আগে বাজারে আসা আইফোন৪এস নিয়ে এক ধরনের আশঙ্কা তৈরি হলেও বিক্রির এ অবস্থা দেখে তা উড়িয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। এটিঅ্যান্ডটি জানায়, আইফোনের নতুন এ সংস্করণ ঘিরে ব্যবহারকারীদের রয়েছে অন্য রকম এক উচ্ছ্বাস। প্রায় ১৫ মাস পর বাজারে আসা নতুন আইফোন নিয়ে ব্যবহারকারীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। এর আগে আইফোনের কোনো সংস্করণ নিয়ে এমন আগ্রহ দেখা যায়নি বলে উল্লেখ করেছেন প্রযুক্তিবাজার বিশেষজ্ঞরা। এবারই প্রথম একসঙ্গে এটিঅ্যান্ডটি, ভেরিজোন ওয়ারল্যাস, স্প্রিন্ট—এই তিনটি প্রতিষ্ঠানকে আইফোনের নতুন সংস্করণ বিক্রির অনুমোদন দেওয়া হয়। বাজারে আসার আগেই প্রতিষ্ঠান তিনটি আগ্রহীদের কাছ থেকে অগ্রিম অর্ডার নেওয়া শুরু করে। তিনটি প্রতিষ্ঠান একসঙ্গে বিক্রির অনুমোদন পাওয়ায় সর্বমোট কতটি আইফোন৪এস বিক্রি হয়েছে, তা জানা যায়নি। এর আগে আইফোন৪এস শুধু এটিঅ্যান্ডটি এককভাবে শুরুতে বিক্রির সুযোগ পেয়েছিল। বাজারে আসার তিন দিনের মধ্যে আইফোন বিক্রি হয় ১৭ লাখ! অ্যাপলের স্মার্টফোন বিক্রির ইতিহাসে সবচেয়ে দ্রুত বিক্রির রেকর্ড এটি। নতুন আইফোন৪এসে যুক্ত হয়েছে আরও উন্নত ক্যামেরা-সুবিধা। রয়েছে উন্নত প্রসেসর, যার মাধ্যমে দারুণ সব অ্যাকশন গেম খেলা যাবে খুব সহজেই। রয়েছে সিরি নামের ব্যক্তিগত সহকারীর মতো একটি বিশেষ প্রোগ্রাম।তিনটি মডেলের সাদা ও কালো রঙের আইফোনের এ সংস্করণের বিক্রির এমন অবস্থা দেখে আশা করা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বর নাগাদ এর বিক্রির পরিমাণ দুই কোটি ৭০ থেকে দুই কোটি ৮০ লাখ ছড়িয়ে যাবে! —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম