১২ পরমাণুর ক্ষুদ্র চিপ
ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশনের গবেষকেরা এবার তৈরি করেছেন ১২ পরমাণুর অতি ক্ষুদ্র চিপ। দীর্ঘদিন ধরে গবেষণার পর এই কাজটি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। বর্তমান সময়ে আধুনিক হার্ডডিস্কের চিপ তৈরিতে কমবেশি ১০ লাখ পরমাণুর প্রয়োজন হতো। গবেষকেরা নতুন খুদে চিপটি তৈরি করতে ৬ পরমাণু করে দুটি সারি করেছেন, যাতে ১ বিট ডেটা সংরক্ষণ করা গেছে। আইবিএম জানিয়েছে, ১২ পরমাণু দিয়ে তৈরি এই মেমোরি বিটটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে ছোট ম্যাগনেটিক মেমোরি। গবেষকদের মতে, ক্ষুদ্র এই চিপ তৈরি মেমোরি চিপের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করল, যা কম্পিউটারের আকার আরও ক্ষুদ্রতর করবে এবং কমে যাবে বিদ্যুতের খরচ। গবেষকেরা জানিয়েছেন, মাত্র ১২ পরমাণুর চিপে এক বিট তথ্য সংরক্ষণ করা সম্ভব হয়েছে। এর পাশাপাশি আরও পুরো এক বাইট তথ্য রাখতে ৯৬ পরমাণুর চিপও তৈরি করেছেন তাঁরা। এই পদ্ধতির নাম রাখা হয়েছে অ্যান্টিফেরো-ম্যাগনেটিজম।গবেষক দলের প্রধান সিবেস্টেইন লোথ বলেন, ‘সাধারণত প্রতি দুই বছর পর হার্ডডিস্ক ড্রাইভের ক্ষমতা দ্বিগুণ হতে থাকে। এ ক্ষেত্রে আমাদের কাছে বড় একটি চ্যালেঞ্জ ছিল, কীভাবে এ সময়টি দীর্ঘ করা যায়, যাতে এর ক্ষমতা আরও বেশি থাকে।’ পরবর্তী সময়ে এই গবেষণায় দেখা গেল, দুই বছরে দ্বিগুণ নয়, বরং কয়েক গুণ বাড়ানো সম্ভব। বর্তমান সময়ে নানাভাবে গবেষণা চলছে, কীভাবে ছোট চিপ তৈরি করা যায়, যাতে থাকবে অনেক বেশি স্টোরেজ। —বিবিসি অবলম্বনে কাজী আশফাক আলম