১২ বছরে বিসিএস কম্পিউটার সিটি
দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটি ১১ বছর পেরিয়ে ১২ বছরে পা দিয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার ঢাকায়বিসিএস কম্পিউটার সিটিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ও ব্যাংকিং—একটির সঙ্গে আরেকটির আত্মিক সম্পর্ক রয়েছে। দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে উন্নতি হলেই ব্যাংকিংয়ের মান আধুনিক করে গড়ে তোলা সম্ভব এবং ই-কমার্সের সবগুলো দুয়ার খুলে দেওয়া হবে বলে জানান তিনি। বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, দিনবদলের অঙ্গীকার তখনই সফল হবে, যখন মানুষের মন বদল হবে। অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বলেন, বিসিএস সিটি দেশের তথ্যপ্রযুক্তির সাফল্যের অন্যতম দাবিদার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব-উল-ইসলাম, বিসিএসের সাবেক সভাপতি সবুর খান, আহমেদ হাসান, আজিজুর রহমান, বিসিএস কম্পিউটার সিটির বিভিন্ন প্রতিষ্ঠানের দোকান মালিকেরা।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই কম্পিউটার সিটির প্রবেশদ্বারে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের ফুল ও মিষ্টি দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এ ছাড়া সিটি প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান করা হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কম্পিউটার সিটিতে মাসব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। এ সময় কম্পিউটার সিটি থেকে পণ্য কিনলে বিশেষ মূল্যছাড়ের পাশাপাশি র্যাফল ড্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে। র্যাফল ড্রতে রয়েছে আকর্ষনীয় সব পুরস্কার।আজ বন্ধ থাকলেও আগামীকাল থেকে এ অফার চলবে। —নিজস্ব প্রতিবেদক