১২০০ স্কুলে কম্পিউটার ল্যাব, ১২৮ উপজেলায় তথ্যকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তির জন্য বাজেটে বরাদ্দ করা ১০০ কোটি টাকার বিশেষ তহবিল থেকে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় দেশের এক হাজার ২০০ স্কুলে কম্পিউটার ল্যাব এবং ১২৮টি উপজেলায় তথ্যকেন্দ্র স্থাপন করবে। পাশাপাশি জাতীয় ডেটা সেন্টার, জিআইএসের (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) মাধ্যমে মৃত্তিকার মান উন্নয়ন ইত্যাদি কাজ করা হবে। গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বাজেটে বরাদ্দ ১০০ কোটি টাকার সুষ্ঠু বণ্টন নিশ্চিত করার কথাও বলা হয়েছে।বাংলা ভাষায় ওয়েব ঠিকানা লেখার বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে সভায় উপস্থিত একাধিক সদস্য জানিয়েছেন। সভায় জানানো হয়, এ ব্যাপারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় উদ্যোগী হয়েছে। বাংলা ওয়েব ঠিকানার ক্ষেত্রে বাংলাদেশের ডোমেইন (কান্ট্রি ডোমেইন) হবে ‘ডট বাংলা’। ডাক ও টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস বলেছেন, ২১ ফেব্রুয়ারি এই আবেদন ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারসে (আইসিএএনএন) জমা দেওয়া হবে। বাংলাদেশ ইউনিকোড কনসোর্টিয়ামের সদস্য হওয়ার সিদ্ধান্তও এ সভায় নেওয়া হয়েছে।সাংসদদের জন্য ল্যাপটপ ও সংসদীয় স্থায়ী কমিটিগুলোর ওয়েবপোর্টাল নির্মাণের কর্মসূচি অর্থ মন্ত্রণালয় নাকচ করে দিয়েছে বলে সভায় জানানো হয়। তবে তা পুনর্বিবেচনার জন্য তা আবার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। টেলিফোন সংযোগ ও মডেম থাকলে স্কুলে বিনা মূল্যে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে বলে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়। সেসব স্কুলে পরবর্তী সমেয় ইন্টারনেট ব্যবহারে নামমাত্র মাসিক ফি নির্ধারণ করা হবে।নির্বাহী কমিটির এ সভায় আগামী মাসে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠেয় ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের প্রথম সভার আলোচ্যসূচি নির্ধারণ করা হয়েছে। সভায় সংশ্লিষ্ট সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, ব্যবসা খাতের প্রতিনিধি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মিখাইল শিপার, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ নজরুল ইসলাম খানসহ অনেকে উপস্থিত ছিলেন। —নিজস্ব প্রতিবেদক