১৩ আগস্ট থেকে স্মার্টফোন ও ট্যাব মেলা
নানা আয়োজনে বড় পরিসরে ১৩ আগস্ট থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা। তিন দিনের এ মেলায় ভিন্ন ভিন্ন একাধিক আয়োজন থাকছে বলে জানিয়েছেন আয়োজকেরা। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত জানানো হয়। সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারের পক্ষে মুহম্মদ খান জানান, এবারের মেলায় স্মার্টফোন ও ট্যাব মূল্যছাড় ও বিশেষ উপহারসহ বিক্রি করা হবে। পাশাপাশি সাম্প্রতিক প্রযুক্তির পণ্য দেখানো হবে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মেলায় বিশেষ প্যাভিলিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবি ও ভিডিও প্রদর্শন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে এক্সপো মেকারের পরিচালন-প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী মেলার বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, চতুর্থবারের এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবারের মেলায় একটি মেগা প্যাভিলিয়ন, ১৩টি প্যাভিলিয়ন, ৫টি মিনি প্যাভিলিয়ন এবং ১০টি স্টল থাকছে। জনপ্রিয় ব্র্যান্ডের প্রায় সবগুলোর অংশগ্রহণ থাকবে মেলায়। মেলার ফেসবুক ফ্যানপেজে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রবির কমিউনিকেশন অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর, এলিট মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক কাজী আশরাফ, গোল্ডবার্গ মোবাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার রহমান, হুয়াইয়ের বিক্রয় বিভাগের প্রধান আবদুস সাদাৎ, এডিসন গ্রুপের (সিম্ফনি) সহকারী মহাব্যবস্থাপক জাহিদুল ইসলাম, জেডটিইর ব্যবসায় উন্নয়ন বিভাগের প্রধান রস লাই, এসিআই লিমিটেডের (স্টাইলাস) ব্যবসায় ব্যবস্থাপক মো. রাফিজ উদ্দিনসহ অনেকে।
মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবে।
এই মেলার প্রধান পৃষ্ঠপোষক রবি। সহপৃষ্ঠপোষকতায় রয়েছে এলিট মোবাইল, গোল্ডবার্গ, হুয়াই, স্যামসাং, স্টাইলাস, সিম্ফনি ও জেডটিই।