১৩ জানুয়ারি থেকে কম্পিউটার সিটির মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হতে যাচ্ছে কম্পিউটার পণের্য মেলা। ‘সিটি আইটি-২০১১’ শিরোনামের এ মেলা শুরু হবে ১৩ জানুয়ারি। ‘ডিজিটাল লাইফ, বেটার লাইফ’ স্লোগানে ১০ দিনব্যাপী এ মেলায় থাকছে সর্বশেষ প্রযুক্তি পণ্যের নানা আয়োজন। মেলার আয়োজন উপলক্ষে গত বৃহস্পতিবার বিসিএস কম্পিউটার সিটি অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন মেলার আহ্বায়ক এ এল মাজহার ইমাম চৌধুরী। উপস্থিত ছিলেন বিসিএস সিটি কমিটির সভাপতি এ টি শফিক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক কাজী সামছুদ্দিন আহমেদসহ নির্বাহী কমিটির সদস্যরা। সম্মেলনে জানানো হয়, প্রায় ১৬০টি স্থায়ী প্রতিষ্ঠানের অংশ গ্রহণে অনুষ্ঠিত এ মেলায় কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ডাটা কমিউনিকেশন, মাল্টিমিডিয়া, শিক্ষা উপকরণ, ল্যাপটপ, পামটপ ডিজিটাল জীবন ধারার বিভিন্ন পণ্য স্থান পাবে। মেলা উদ্বোধনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মেলায় থাকছে নলেজ ম্যানেজমেন্ট জোন, যেখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও আইটিপ্রেমীদের সামনে তুলে ধরা হবে বিশ্বের তথ্যপ্রযুক্তির শ্রেষ্ঠ আবিষ্কার, আইটি ব্যক্তিত্বকে উপস্থাপন এবং কম্পিউটার প্রযুক্তি ও কলাকৌশল। মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে বিনা মূল্যে তারহীন দ্রুতগতির ইন্টারনেট ওয়াইম্যাক্স ব্যবহারের সুযোগ। প্রতিদিনই সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। এ ছাড়া থাকছে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গেমিং প্রতিযোগিতা, ডিজিটাল ফটোগ্রাফি প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি ইত্যাদি। মেলার টিকিটের মূল্য ১০ টাকা এবং প্রবেশ টিকিটের ওপর রয়েছে র‌্যাফেল ড্র। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। মেলার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বাংলালায়ন, স্যামসাং, তোশিবা, ক্যাসপারস্কি ও লাইট-অন। মেলার নানা আয়োজন সরাসরি ওয়েবসাইটে প্রকাশ করবে কমজগৎ ডট কম। —নুরুন্নবী চৌধুরী