নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১২টি কেন্দ্রের প্রজেক্টর দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এবং কয়েকজন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন বছর আগে উপজেলায় ১৩টি ইউনিয়নে ১৩টি তথ্য ও সেবাকেন্দ্রে (বর্তমানে ডিজিটাল সেন্টার) সরকারিভাবে ‘হিটাচি-সিপি-আরএক্স-৮২’ মডেলের মাল্টিমিডিয়া প্রজেক্টর সরবরাহ করা হয়। এর মধ্যে আশুজিয়া, দল্পা, গড়াডোবা, গন্ডা, সান্দিকোনা, মাস্কা, বলাইশিমুল, কান্দিউড়া, চিরাং, রোয়াইলবাড়ি, পাইকুড়া ও মোজাফফরপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রজেক্টরগুলো নষ্ট হয়ে গেছে। ফলে বড় পর্দায় আধুনিক তথ্যপ্রযুক্তিসেবা-সংক্রান্ত কোনো কিছু দেখানো সম্ভব হচ্ছে না। শুধু নওপাড়া ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের প্রজেক্টরটি এখনো সচল রয়েছে বলে জানিয়েছেন ওই কেন্দ্রের উদ্যোক্তা ওয়াহিদুল ইসলাম।
রোয়াইলবাড়ি, পাইকুড়া, মাস্কা, চিরাং, মোজাফফরপুর ও গড়াডোবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা যথাক্রমে মো. ওবায়দুল হক, তপন চন্দ্র দেবনাথ, মো. শাহরিয়ার আলম, মো. শহীদুল্লাহ্, রফিকুল ইসলাম ও মো. ফারুক প্রথম আলোকে বলেন, বেশির ভাগ প্রজেক্টর সরবরাহ করার কয়েক মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়। এতে ইউনিয়ন পর্যায়ে আধুনিক তথ্যপ্রযুক্তিসেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। বর্তমানে গুরুত্বপূর্ণ কোনোকিছু বড় পর্দায় দেখাতে হলে পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে প্রজেক্টর ধার করা ছাড়া আর কোনো উপায় থাকে না।
উপজেলার মাস্কা ও গড়াডোবা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান যথাক্রমে আবদুস সালাম ও কামরুজ্জামান খান বলেন, ‘প্রজেক্টরগুলোর মান ভালো ছিল না। তা ছাড়া, প্রথম অবস্থায় প্রজেক্টর চালানোর ক্ষেত্রে উদ্যোক্তারাও তেমন দক্ষ ছিলেন না। ফলে দ্রুত সেগুলো নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় শিগগিরই ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে উন্নত মানের আধুনিক মাল্টিমিডিয়া প্রজেক্টর দরকার।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. রুহুল আমিন বলেন, ‘বিষয়টি দাপ্তরিকভাবে আমাকে কেউ জানায়নি। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে নষ্ট প্রজেক্টরগুলো মেরামত কিংবা নতুন করে কেনার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’