১৪ বছর বয়সেই আইফোন কারখানার শ্রমিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে অবস্থিত অ্যাপল পণ্যের প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকনের কারখানায় ১৪ বছরের কম বয়সী শিশুরাও আইফোন তৈরিতে কাজ করছে বলে সম্প্রতি স্বীকার করেছে ফক্সকন। খবর রয়টার্সের।তাইওয়ান ভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন এক বিবৃতিতে জানিয়েছে, কয়েকজন অল্পবয়সী ছাত্র গ্রীষ্মকালীন শিক্ষানবিশ হিসেবে ফক্সকন কারখানায় কাজ করেছে। উল্লেখ্য, চীনে ১৬ বছরের কম বয়সীদের কাজের ক্ষেত্রে শিশুশ্রম হিসেবে ধরা হয়।ফক্সকন মূলত অ্যাপলের আইফোন ও আইপ্যাড তৈরিতে কাজ করে। অ্যাপল ছাড়া মাইক্রোসফট ও হিউলেট প্যাকার্ডের পণ্য তৈরি করে প্রতিষ্ঠানটি।কম বয়সী শিশুদের কর্মী হিসেবে নিয়োগ দেওয়ার ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এবং এ বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা। ফক্সকনের কর্মকর্তারা জানিয়েছেন, চীনা সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন ও যুক্তরাষ্ট্রভিত্তিক ‘চায়না লেবার ওয়াচ’ নামের সংস্থাটির প্রচারণার পর প্রতিষ্ঠানটি এ বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত করেছে যাতে কম বয়সী ছাত্রদের ইন্টার্ন করার বিষয়টি উঠে এসেছে। যুক্তরাজ্যের ‘সানডে মিরর’ এক প্রতিবেদনে জানিয়েছে, ফক্সকনের কারখানায় কর্মীদের কাজের উপযোগী পরিবেশ নেই, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। প্রতিদিন কমপক্ষে এক হাজার আইফোন তৈরি করতে হবে এমনই কঠিন শর্তে কাজ করতে হয় শ্রমিকদের। ফক্সকনের তাইয়ুন কারখানায় ১৪ ঘণ্টা করে টানা কাজ করতে হচ্ছে তাঁদের।প্রসঙ্গত, ফক্সকনের এ কারখানায় চলতি মাসেই শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল। দাঙ্গায় আহত হয়েছিলেন ৪০ জন শ্রমিক। দাঙ্গার কারণে এক দিনের জন্য কারখানা বন্ধ রাখতে হয়েছিল। এ ছাড়া ২০১০ সালে আইপ্যাড তৈরির সময় ১৩ জন শ্রমিক ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছিলেন। পরে জানা যায়, কাজের চাপ ছিল এ ঘটনার কারণ।