১৪ মার্চ আসছে স্যামসাং গ্যালাক্সি এস৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনের বাজারে দারুণভাবে এগিয়ে চলছে স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং। অ্যান্ড্রয়েড-চালিত স্যামসাংয়ের স্মার্টফোনগুলো সারা বিশ্বের বেশ সাড়া ফেলছে। তাই আরও উন্নত প্রযুক্তি-সুবিধার স্মার্টফোনের নতুন সংস্করণও বাজারে নিয়ে আসছে স্যামসাং। এরই অংশ হিসেবে স্যামসাংয়ের ‘গ্যালাক্সি এস৪’ বাজারে আসার তারিখ নির্ধারিত হয়েছে। ১৪ মার্চ নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি সিরিজের নতুন এ স্মার্টফোন অবমুক্ত করা হবে বলে জানা গেছে। গ্যালাক্সি এস৪ স্মার্টফোনটিতে থাকছে নতুন বেশ কিছু সুবিধা। কোয়াড কোর প্রসেসর চালিত স্মার্টফোনটিতে থাকছে উন্নত রেজুলেশনের পর্দা। একই সিরিজের আগের স্মার্টফোনের চেয়ে এর হার্ডওয়্যারও উন্নত হবে বলেও জানা গেছে। তবে দাম কেমন হবে, সে ব্যাপারে কিছু জানায়নি স্যামসাং কর্তৃপক্ষ।স্মার্টফোনের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই চলছে স্যামসাং ও অ্যাপলের মধ্যে। প্রতিনিয়তই এ প্রতিদ্বন্দ্বিতা বেড়েই চলছে। গত বছরের শেষের দিকের স্মার্টফোন বিক্রির হিসেবে স্যামসাংকে পেছনে ফেলেছে অ্যাপল। তবে নতুন মডেলের স্মার্টফোনের মাধ্যমে আবার ঘুরে দাঁড়াবে স্যামসাং—এমনই মনে করা হচ্ছে। প্রযুক্তি বাজার বিশেষজ্ঞদের মতে, স্যামসাং নতুন স্মার্টফোনে কী সুবিধা দিচ্ছে, সেটিই বলে দেবে এ বাজারে কারা শীর্ষে থাকবে। এখন যেহেতু প্রতিদিনই প্রযুক্তির নতুন সুবিধা আসছে, আর ব্যবহারকারীরাও চান নতুন কিছু। —রয়টার্স ও সিনেট অবলম্বনে কাজী আলম