১৫ জন পেলেন জাতীয় মোবাইল অ্যাপ পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরা অ্যাপ্লিকেশন নির্মাতারা পেল পুরস্কার
সেরা অ্যাপ্লিকেশন নির্মাতারা পেল পুরস্কার

সেরা মোবাইল কনটেন্ট ও উদ্ভাবনী অ্যাপ্লিকেশন নির্মাতাদের পুরস্কৃত করল সরকার। গতকাল শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ‘জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার ও ডেভেলপার সম্মেলন ২০১৫’ আয়োজনে এ পুরস্কার তুলে দেওয়া হয়। সাতটি ক্যাটাগরিতে ১৪টি সেরা মোবাইল অ্যাপ্লিকেশনের নির্মাতাদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। এ সময়ে তিনি বলেন, ‘সেরা উদ্ভাবনীকাজের জন্য দেশের সেরা অ্যাপ নির্মাতাদের পুরস্কার দিতে পেরে আমরা আনন্দিত। এখন থেকে প্রতিবছর সেরা উদ্ভাবনের জন্য এই পুরস্কার দেওয়া হবে। আর খুব বেশি দিন নেই সিলিকন ভ্যালি থেকে আমাদের বাংলাদেশে এসে কাজ করবে অন্য দেশের ডেভেলপাররা।’ আগামী জুন মাসে সারা দেশের বিদ্যালয়গুলোয় প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে মোট সাতটি বিষয়ে চ্যাম্পিয়ন এবং রানারআপকে পুরস্কার দেওয়া হয়। ব্যবসাবাণিজ্যে ‘সেলিস্কোপ’ অ্যাপ্লিকেশন বানিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হুম্যাক ল্যাব লিমিটেড, ‘ফিন্যান্স বিডি’ অ্যাপ বানিয়ে রানারআপ হয়েছে বুয়েটের শিক্ষার্থী রাকিব উল আলম। সরকার ও জনসাধারণের অংশীদারত্ব বিষয়ে ‘ফারমার কোয়ারি’ অ্যাপ বানিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এমপাওয়ার এন্টারপ্রাইজেস লিমিটেড, ‘ইউনিভার্সাল মিটার রিডার’ অ্যাপ বানিয়ে রানারআপ হয়েছে সূর্যমুখী লিমিটেড। পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ে ‘ক্রিটিক্যাল লিংক’ অ্যাপ বানিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রিটিক্যাল লিংক, ‘লাইভ ব্লাড ব্যাংক’ অ্যাপ বানিয়ে রানারআপ হয়েছে ইজি টেকনোলজি। শিক্ষা, প্রশিক্ষণ বিষয়ে ‘দুরবিন’ অ্যাপ বানিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দুরবিন ল্যাব, ‘ম্যাথ পার্কিং’ অ্যাপ বানিয়ে রানারআপ হয়েছে টিম ক্রিয়েটিভ।

এ ছাড়া পর্যটন ও সংস্কৃতি বিষয়ে ‘হাজি ইউজার্ড’ অ্যাপ বানিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম ওমলেট, ‘বাস ম্যাপ ঢাকা’র জন্য নারডক্যাটস এবং ‘বাংলাদেশ ফ্লাইট লাইভ’ অ্যাপের জন্য স্মার্টড্রয়েড যৌথভাবে রানারআপ হয়েছে। বিনোদন ও লাইফস্টাইল বিষয়ে ‘ট্যাপ ট্যাপ আন্টস: ব্যাটেল ফিল্ড’ গেম বানিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাইজ আপ ল্যাবস, ‘বইপোকা’ অ্যাপ বানিয়ে রানারআপ হয়েছে মবিঅ্যাপ লিমিটেড। মিডিয়া ও সংবাদ বিষয়ে ‘দেশি আইপিটিভি’ অ্যাপ বানিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হক জাপান ট্রেড অ্যান্ড ট্রেডিং এবং ‘বাঙ্গি নিউজ’ অ্যাপের জন্য রানারআপ হয়েছে বাঙ্গি নিউজ। প্রত্যেকটি বিষয়ে চ্যাম্পিয়নের জন্য প্রত্যেক অ্যাপ নির্মাতা ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার, সার্টিফিকেট, তথ্যপ্রযুক্তি বিভাগের পক্ষ থেকে ৫০ হাজার টাকা এবং রবির পক্ষ থেকে ২৫ হাজার টাকা, কিউবির সংযোগসহ ওয়াইফাই রাউটার এবং সিম্ফনির পক্ষ থেকে ট্যাবলেট উপহার দেওয়া হয়। এ ছাড়া রানারআপের জন্য প্রত্যেককে ক্রেস্ট, সার্টিফিকেট, তথ্যপ্রযুক্তি বিভাগের পক্ষ থেকে পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা এবং রবির পক্ষ থেকে ১৫ হাজার টাকা, কিউবির পক্ষ থেকে উপহার দেওয়া হয়। এ আয়োজনের মধ্য দিয়ে সহস্রাধিক ডেভেলপারের মহাসম্মেলনে দেশসেরা এসব ডেভেলপারকে সর্বমোট ১০ লাখ ৫০ হাজার টাকার পুরস্কার ও বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।
উল্লেখ্য দেশের মোবাইল অ্যাপ্লিকেশন শিল্প বিস্তারের লক্ষ্যে নির্মাতাদের কাছ থেকে গত বছরের অক্টোবরে স্মার্টফোন, ট্যাবলেট, আইপ্যাড, অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, ব্ল্যাকবেরি, জেটুমি প্ল্যাটফর্মে কার্যকর উদ্ভাবনী সেরা অ্যাপ্লিকেশনের মনোনয়ন আহ্বান করে তথ্যপ্রযুক্তি বিভাগ। দীর্ঘ যাচাই-বাছাই এবং জুরি বোর্ডের মূল্যায়ন শেষে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বেসিসের সভাপতি শামীম আহসান, এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আবির, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের উপদেষ্টা সামন্ত লাল সেন, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী, অভিনেতা-পরিচালক অনন্ত জলিলসহ অনেকে।
নিজস্ব প্রতিবেদক