১৫ জুন থেকে পাওয়া যাবে গুগলের ক্রোমবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষাটটি দেশের পাঁচ হাজারেরও বেশি প্রোগ্রামারের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে গত বৃহস্পতিবার শেষ হয়েছে গুগলের আইও বুটক্যাম্প। এ আয়োজনে ছিল ১১০টি অধিবেশন ও ১৫২টি স্যান্ডবক্স। বক্তা ছিলেন ২৬১ জন। শেষ দিন সকালের অধিবেশনে ছিল গুগলের নেটবুক কম্পিউটার ‘ক্রোমবুক’ এবং ইন্টারনেট ব্যবহারের সফটওয়্যার ক্রোম নিয়ে আলোচনা। আগামী ১৫ জুন থেকে বাজারে এসার ও স্যামসাংয়ের তৈরি ক্রোমবুক পাওয়া যাবে বলে আলোচনায় জানানো হয়। ক্রোমবুকের বিপণনের ক্ষেত্রে করপোরেট এবং একাডেমিক ব্যবহারকারীদের কথা মাথায় রাখা হয়েছে। মাসিক ফির ভিত্তিতে এর গ্রাহক হওয়ার ব্যবস্থা থাকবে। ক্রোমবুক পুরোটাই হবে ক্লাউড-নির্ভর যন্ত্র। এতে অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার হালনাগাদ করার ঝামেলা থাকবে না। এটি চলবে গুগল ক্রোম ব্রাউজারের ওপর নির্ভর করে। অধিবেশনে জানানো হয়, এখন পৃথিবীজুড়ে ১৬ কোটি সক্রিয় ব্যবহারকারী আছে ক্রোমের। অধিবেশনে উল্লেখযোগ্য ঘোষণা ছিল ক্রোমের জন্য তৈরি প্রোগ্রামের অনলাইন দোকান নিয়ে। প্রতিটি প্রোগ্রামের জন্য গুগল ফি হিসেবে ৫ শতাংশ কেটে রাখবে। বাকি ৯৫ শতাংশ পাবেন প্রোগ্রামের নির্মাতা। সকালের পর বিভিন্ন সময় একাধিক অধিবেশন চলতে থাকে। বিকেলে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনানুষ্ঠানিক আলোচনা দিয়ে গুগল আইও-২০১১-এর শেষ হয়। —মুহম্মদ নাজমুস সালেহিন, সানফ্রান্সিসকো (যুক্তরাষ্ট্র) থেকে