‘মিট নিউ বাংলাদেশ’ বিষয় তুলে ধরে আগামী ১৫ জুন থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে শুরু হচ্ছে ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫’ নামের প্রযুক্তি মেলা। গতকাল মঙ্গলবার ঢাকায় বিসিএস ইনোভেশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় আইসিটিসচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘আমরা মনে করি সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করলে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব।’
বিসিএসের সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ বলেন, ‘তথ্যপ্রযুক্তির শতাধিক দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও বাংলাদেশ সরকারের ১০টির বেশি মন্ত্রণালয় প্রদর্শনীতে অংশ নিচ্ছে। ডিজিটাল জীবনধারাভিত্তিক সাম্প্রতিক প্রযুক্তিপণ্য এবং সরকারি-বেসরকারি সেবা দেখানো হবে এ মেলায়। মিট নিউ বাংলাদেশ ধারণাও উপস্থাপন করা হবে এ আয়োজনে।’
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম বলেন, ‘মেলায় প্রযুক্তি পণ্য উৎপাদনে আমরা কোথায় আছি সেটা তুলে ধরা হবে।’
আইসিটি এক্সপোর আহ্বায়ক মজিবুর রহমান প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, মেলা প্রাঙ্গণে তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ বিষয়ে ১০টির বেশি সেমিনার থাকছে। এ ছাড়া থাকবে ‘ভবিষ্যৎ উদ্যোক্তা ফোরাম’ শীর্ষক বিশেষ সম্মেলন।
এক্সপো চলাকালে উদ্ভাবনী প্রকল্প চ্যাম্পিয়নশিপ, ডিজিটাল ফটো প্রতিযোগিতা, সেলফি প্রতিযোগিতা, গেমস, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন থাকছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অবদানের জন্য এ প্রদর্শনী থেকে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি পুরস্কার প্রদান করা হবে।
এই মেলায় থাকছে মেগা সেল জোন। এতে মূল্যছাড়, উপহারসহ প্রযুক্তি পণ্য কেনাকাটা করতে পারবে দর্শনার্থীরা।
আইসিটি এক্সপো আয়োজনে প্রায় সাড়ে তিন কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন আয়েজকেরা। এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। চলবে ১৭ জুন পর্যন্ত। বিস্তারিত: www.ictexpo.com.bd।
রাহিতুল ইসলাম