১৫তম ওয়েবি অ্যাওয়ার্ড দেওয়া হলো
হাস্যরসের মধ্য দিয়ে ‘ইন্টারনেটের অস্কার’ হিসেবে খ্যাত ১৫তম ওয়েবি অ্যাওয়ার্ড গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হ্যামারস্টেইন বলরুমে প্রদান করা হয়েছে। ওয়েবসাইট, ইন্টারঅ্যাকটিভ বিজ্ঞাপন, অনলাইন চলচ্চিত্র প্রভৃতি বিভাগে ওয়েবি পুরস্কার দেওয়া হয়ে থাকে। সোমবারের অনুষ্ঠানটি পরিচালনা করেন লিসা কুডরো। নানা হাস্যরসের মধ্য দিয়ে তিনি অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন।অনুষ্ঠানে হ্যারি পটারের অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফকে পুরস্কৃত করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ভোগ সাময়িকীর সম্পাদক আন্না উইনটরকে পুরস্কার দেওয়া হয়েছে। সবচেয়ে ভালো ফ্যাশন ওয়েবসাইটের জন্য তাঁকে পুরস্কার দেওয়া হয়।আইবিএমের সুপার কম্পিউটার ওয়াটসনকে ‘ওয়েবি পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়। জেপার্ডি নামে টিভি শোর খেলায় মানুষকে পরাজিত করায় ওয়াটসনকে এ খেতাব দেওয়া হয়। মুঠোফোনের গেমস অ্যাংরি বার্ডসের নির্মাতা পিটার ভেস্টারব্যাককেও পুরস্কৃত করা হয়। গ্রুপনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ড্রু ম্যাসনকেও ওয়েবসাইটের জন্য পুরস্কৃত করা হয়। এ সময় তিনি গ্রুপনকে গ্রুপ কুপনের সংক্ষিপ্ত রূপ বলে উল্লেখ করলে উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়।১৯৭৩ সালে মটরোলা কোম্পানিতে কাজ করার সময় মার্টিন কুপার প্রথম মোবাইল ফোনসেটের নকশা করেছিলেন। এ জন্য তাঁকে আজীবন সম্মাননা দেওয়া হয়। —এএফপি অবলম্বনে আবুল হোসেন