১৬ বছরে ইন্টারনেট এক্সপ্লোরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশনের ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ইন্টারনেট এক্সপ্লোরার ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পা দিয়েছে। ১৯৯৫ সালের ১৬ আগস্ট যাত্রা শুরু করা ইন্টারনেট এক্সপ্লোরার এখনো ব্যবহারকারীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। এই সফটওয়্যারের প্রথম সংস্করণটি স্পাইগ্লাস ইনকরপোরেটেডের মোজাইক ওয়েব ব্রাউজারের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। শুরুর দিকে মাইক্রোসফট স্পাইগ্লাসের অনুমোদন নিয়ে এক্সপ্লোরার তৈরি করত। সফটওয়্যারটির তৃতীয় সংস্করণ থেকে পরিপূর্ণভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তৈরি শুরু করে মাইক্রোসফট। ইন্টারনেট এক্সপ্লোরার উইন্ডোজের সঙ্গে বিনামূল্যে যুক্ত থাকায় প্রতিদ্বন্দ্বী নেটস্কেপ নেভিগেটরের জনপ্রিয়তা কমে যেতে থাকে।২০০৪ সালে মুক্ত সফটওয়্যার ফায়ারফক্স বাজারে আসার পর পরই জনপ্রিয় হয়ে উঠতে থাকে। সে সময় এক্সপ্লোরারের ষষ্ঠ সংস্করণ বের হয়, যা ত্রুটিযুক্ত হওয়ায় বেশ সমালোচিত হয়। বর্তমান সময়ে আরও কয়েকটি ওয়েবসাইট দেখার সফটওয়্যার চালু হওয়ার ফলে বাজার প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে ইন্টারনেট এক্সপ্লোরার। বর্তমানে বাজারে ইন্টারনেট এক্সপ্লোরারের অংশীদারিত্ব ৬০ দশমিক ৭৪ শতাংশ, যেখানে ফায়ারফক্সের বাজার শেয়ার ২৩ দশমিক ৭৫ শতাংশ। বাজারের শীর্ষে থাকতে মাইক্রোসফট ১৫ সেপ্টেম্বর এক্সপ্লোরার-৯-এর পরীক্ষামূলক সংস্করণ সাধারণ ব্যবহারকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে ছাড়ার ঘোষণা দিয়েছে।—ম্যাশেবল ডট কম