
সারা বিশ্বেই এখন হাতের মুঠোয় থাকা স্মার্টফোনের জয়জয়কার। স্মার্টফোনে ব্যবহারের জন্য বিশ্বসেরা সব প্রযুক্তিপ্রতিষ্ঠান নিজেদের অ্যাপস স্টোর বানিয়েছে। যেখানে পাওয়া যাচ্ছে লাখো অ্যাপস। উন্নত বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও বাড়ছে স্মার্টফোনের ব্যবহার। বাংলাদেশিদের উপযোগী নানা ধরনের অ্যাপসও বেশ জনপ্রিয়তা পাচ্ছে। এবার বাংলাদেশেই বড় আকারে স্মার্টফোনের জন্য অ্যাপস বানানোর সুযোগ চালু হলো। আর এমন আয়োজন এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) ও প্রথম আলো আয়োজিত অ্যাপস প্রতিযোগিতা, যাতে যুক্ত হতে পারেন যে কেউ।
‘নতুন সৃষ্টির সন্ধানে’ স্লোগান নিয়ে ‘ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪’ শীর্ষক এ আয়োজনের উদ্বোধন হয় গত ২৯ জুন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় এবার বেড়েছে নানা কলেবর। পুরস্কারের অর্থের পরিমাণও বেড়েছে। এবারে শীর্ষ তিনটি পুরস্কারের পরিমাণ মোট ১৭ লাখ টাকা।প্রথম পুরস্কার ১০ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার পাঁচ লাখ আর তৃতীয় পুরস্কার দুই লাখ টাকা। এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক রূপালী ব্যাংক লিমিটেড, মিডিয়া সহযোগী চ্যানেল আই এবং রেডিও সহযোগী এবিসি রেডিও।
কেন এ আয়োজন
একটা সময় গেমস ও বিনোদনের জন্য বেশি অ্যাপস ব্যবহূত হলেও বর্তমানে মুঠোফোনে নানা ধরনের অ্যাপস পাওয়া যাচ্ছে। তবে আমাদের দেশের জন্য বিদেশিদের তৈরি অ্যাপস দিয়ে সার্বিক পরিবর্তন সম্ভব হবে না।উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই বলেছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য
জামিলুর রেজা চৌধুরী। বাংলাদেশের জন্য বিশেষ করে বাংলায় নানা ধরনের অ্যাপস ব্যবহারের আগ্রহ বাড়ছে আমাদের দেশে।
কীভাবে মুঠোফোনে বাংলা লেখা যায়, কীভাবে বাংলায় মুঠোফোন থেকেই ফেসবুক ও টুইটারে হালনাগাদ জানানো যায়—এসব নিয়ে রয়েছে বিস্তর আগ্রহ। এ ছাড়া বাংলাদেশিদের তৈরি এমন একটি অ্যাপস স্টোর হবে, যেখানে অনেকেই নিজের পছন্দসই অ্যাপস পাবে।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশিদের তৈরি অ্যাপস ব্যবহূত হবে, এমন চিন্তা থেকেই এ উদ্যোগের শুরু, বললেন ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান। এ ছাড়া মোবাইল অ্যাপসের উন্নয়ন ও তা এগিয়ে নিতে সেরা প্রতিভার অন্বেষণ এবং তাঁদের স্বীকৃতি প্রদানও এ আয়োজনের একটি অংশ বলেও জানান তিনি। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি একটি অ্যাপস স্টোরও চালু করেছে।
অংশগ্রহণ ও পুরস্কার
বাংলাদেশের যে কেউ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। একক বা দলগতভাবে অংশ নেওয়া যাবে। প্রথম তিনটি শীর্ষস্থান ছাড়া সেরা দশে উত্তীর্ণ প্রতিযোগীরা পাবেন স্মার্টফোন ইএটিএলে চাকরির সুযোগ।
অংশ নিন আজই
স্মার্টফোনের জন্য নিজের পছন্দের সেরা অ্যাপসটি তৈরির জন্য এটি একটি দারুণ আয়োজন। নিবন্ধন করে আজই যোগ দিতে পারেন এ আয়োজনে। যুক্ত হতে পারেন অ্যাপস তৈরি প্রতিযোগিতার এ মহাযজ্ঞে।
যেভাবে যোগ দেওয়া যাবে
নয় মাস ধরে চলবে অ্যাপস প্রতিযোগিতা শীর্ষক এ আয়োজন। বিভিন্ন পর্যায় পেরিয়ে ১০টি অ্যাপ যাবে চূড়ান্ত পর্বে। ১ জুলাই থেকে শুরু হয়েছে প্রতিযোগিতায় আনুষ্ঠানিক নিবন্ধন কার্যক্রম। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এ আয়োজনের প্রকল্প ব্যবস্থাপক শারমিন মাহজাবীন জানান, নিবন্ধন ও বিস্তারিত জানা যাবে www.eatlapps.com ঠিকানার ওয়েবসাইটে। নিবন্ধনের সব তথ্য ইংরেজিতে পাঠাতে হবে। আবেদনে প্রকল্পের নাম, দলের নাম, নির্দিষ্ট একজনের যোগাযোগের নম্বর, চিঠি পাঠানোর ঠিকানা, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা ও দেশের নাম যোগ করে দিতে হবে। এ ছাড়া প্রকল্পের বিস্তারিত, ধারণাপত্র, কীভাবে এটি সাধারণ মানুষকে সাহায্য করতে পারে, সে বিষয়ে এক হাজার শব্দের মধ্যে একটি লেখাও জমা দিতে হবে। সফলভাবে নিবন্ধন কার্যক্রমে এসব জমা দেওয়ার পর ইএটিএলের পক্ষ থেকে প্রাপ্তিস্বীকার-সংক্রান্ত ই-মেইল পাঠানো হবে। চলতি আয়োজনের সরাসরি সব খবর পাওয়া যাবে www.eatlapps.com/ talent_search ঠিকানায়। পুরো আয়োজন সম্পর্কে শারমিন জানান, নিবন্ধন শেষে অ্যাপ উন্নয়নের অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে অংশগ্রহণকারীদের ধারণাপত্র পরীক্ষা কার্যক্রম। ধারণাপত্র নিয়ে আলোচনার জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশেষ আয়োজনও করা হবে। এসব পর্বে অ্যাপস উন্নয়নে সহায়তা করবেন বিশেষজ্ঞরা। আইকন-সেরা ১০০ জনের উপস্থাপনা চলবে আগামী ৪ ও ৫ অক্টোবর। এর মধ্যে আগামী ৬ ডিসেম্বর সেরা ৩০ জনের পরীক্ষামূলক পর্ব হবে। শেষে নির্বাচিত সেরা ১৫ জনের পর্ব অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৭ জানুয়ারি। এ দুটি পর্বে হবে তিনটি স্টেজ গ্রুমিং পর্ব। পরবর্তী সময়ে সেরা ১০ পর্ব অনুষ্ঠিত হবে আগামী বছরের ৮ মার্চ। ২৯ মার্চ হবে চূড়ান্ত পর্ব। এ আয়োজনের নানা খবর ফেসবুকেও (www.facebook.com/EatlApps) পাওয়া যাবে।