১৮ অক্টোবর কিসের ঘোষণা দেবে অ্যাপল
অ্যাপলের এমনিতেই ব্যস্ত সময় কাটছে। গত মাসে নতুন অ্যাপল ওয়াচ, আইপ্যাড এবং আইফোন ১৩ সিরিজ বাজারে ছেড়েছে। এরই মধ্যে আবার নতুন ঘোষণার ইঙ্গিত দিয়েছে। বলছে, ১৮ অক্টোবর চমকে দেবে প্রতিষ্ঠানটি।
তবে যতই চমকের কথা বলুক, এরই মধ্যে বাজারে অ্যাপলের আসন্ন পণ্যগুলোর খবর চাউর হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, নতুন মডেলের এক জোড়া ম্যাকবুক, নতুন নকশার ম্যাক মিনি কম্পিউটার এবং নতুন এয়ারপডসের ঘোষণা পাওয়া যাবে ১৮ অক্টোবর।
ঘোষণায় অ্যাপল কেবল একটি শব্দই লিখেছে—আনলিশড। অ্যাপলের বিপণনবিষয়ক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট গ্রেগ জোসিয়াক টুইটারে ভিডিওটি পোস্ট করেন। শব্দটি লেখা হয়েছে ক্ষুদ্র বিন্দুর সমন্বয়ে। এতে দ্য ভার্জ লিখেছে, হয়তো মিনি এলইডি প্রযুক্তির বার্তা দিচ্ছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানটি অ্যাপল ডটকমে বাংলাদেশ সময় রাত ১১টায় সরাসরি দেখানোর কথা।
উড়ো খবর অনুযায়ী, ১৪ ও ১৬ ইঞ্চি ডিসপ্লের দুটি ম্যাকবুক প্রো বাজারে ছাড়বে অ্যাপল। নতুন ল্যাপটপগুলো ইনটেলের প্রসেসর থেকে বেরিয়ে অ্যাপলের নিজস্ব নকশায় তৈরি এআরএম-ভিত্তিক প্রসেসরে তৈরি হচ্ছে। অ্যাপলের গত বছরের ‘এম১’ চিপের তুলনায় এবারের ‘এম১এক্স’ চিপের পারফরম্যান্স উন্নত করা হচ্ছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এম১ চিপের ৮ কোরের তুলনায় এম১এক্সে ১০ কোর থাকছে। আবার এম১ চিপের ডিভাইসে সাত অথবা আট কোরের গ্রাফিকস প্রসেসরের তুলনায় এম১এক্সের ডিভাইসে ১৬ অথবা ৩২ কোরের গ্রাফিকস প্রসেসর থাকবে বলে শোনা যাচ্ছে। ম্যাগসেফ চার্জিং, এইচডিএমআই পোর্ট এবং একটি এসডি কার্ড স্লট থাকবে বলেও শোনা যাচ্ছে।
আরেকটি খবরে বলা হয়েছে, ম্যাকবুকের এম১এক্স প্রসেসরেরই চলবে ম্যাক মিনি কম্পিউটার। এতেও পোর্টের সংখ্যা বাড়ানোর কথা শোনা যাচ্ছে।
গত মাসে আইফোনের সঙ্গেই নতুন এয়ারপডস বাজারে ছাড়ার কথা শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ঘোষণায় তেমন কিছু ছিল না। এবার নতুন এয়ারপডসের ঘোষণা আসে কি না, তা-ই দেখার বিষয়। তেমন উড়ো খবর জোরেশোরেই শোনা যাচ্ছে। নকশা এয়ারপডস প্রোর মতোই হবে বলে শোনা যাচ্ছে, বড়জোর চার্জিং কেসে পরিবর্তন আসতে পারে।