১৮ মে আসছে গ্যালাক্সি এস ফোর
অবশেষে দেশের বাজারে আসছে গ্যালাক্সি এস ফোর স্মার্টফোন। ১৮ মে বাংলাদেশের বাজারে আসছে গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোনটি। চলতি বছরের ১৪ মার্চ নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আন্তর্জাতিক বাজারে এ স্মার্টফোনটি আনার ঘোষণা দিয়েছিল স্যামসাং। স্যামসাং বাংলাদেশ সূত্র এ তথ্য জানিয়েছে।স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের বাজারে এ স্মার্টফোনটির দাম হবে ৬৭ হাজার ৫০০ টাকা। সাদা ও কালো এ দুটি রঙে হালকা-পাতলা এ স্মার্টফোনটি পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর গ্যালাক্সি এস ফোর স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ১৬ গিগাবাইট ইন্টারনাল তথ্য সংরক্ষণের সুবিধা। স্মার্টফোনটিতে এয়ার জেশ্চার ও স্মার্ট স্ক্রল নামের বিশেষ প্রযুক্তি রয়েছে। হাই এন্ড বা দামি স্মার্টফোন হিসেবে আন্তর্জাতিক বাজারে এরমধ্যেই সাড়া ফেলেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের তৈরি এ স্মার্টফোনটি।