মিসরের একজন সেনাসদস্য নিজের পরিবারের কাছে এক হাজার ৮০০ বছর আগে পাঠিয়েছিলেন একটি চিঠি। যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটির ছাত্র গ্র্যান্ট অ্যাডামসন সেই চিঠির মর্ম উদ্ধার করেছেন। ইউটা অঙ্গরাজ্যের ব্রিগহ্যাম ইয়ং ইউনিভার্সিটিতে তিনি ২০১১ সালে ওই চিঠির ভাষা উদ্ধারে গবেষণা শুরু করেছিলেন। এটির অধিকাংশই গ্রিক ভাষায় রচিত। ইউরোপে রোমান সেনাবাহিনীতে নিযুক্ত অরেলিয়াস পোলিওন নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ ভাই, বোন এবং পরিবারের অন্য সদস্যদের উদ্দেশে চিঠিটি লেখেন। হূদ্যতাপূর্ণ ভাষায় তিনি নিজের অবস্থার বর্ণনা দেন এবং প্রিয়জনদের সম্পর্কে বিস্তারিত জানতে চান। প্রাচীন মিসরীয় শহর তেবতুনিসে ১৮৯৯ সালে একদল অভিযাত্রী ওই চিঠি আবিষ্কার করেন। তবে কিছু অংশ ভেঙে যাওয়ার কারণে চিঠিটির সম্পূর্ণ অর্থ উদ্ধার করা সম্ভব হয়নি। আমেরিকান সোসাইটি অব প্যাপাইরোলজিস্টসের সাময়িকীতে এ-সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। ইনডিপেনডেন্ট।