১৯ ডিসেম্বর থেকে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১২’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের ১৯ ডিসেম্বর থেকে রাজধানী ঢাকার মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটিতে শুরু হচ্ছে ষষ্ঠ ‘ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১২’। ৬ দিনের এ মেলার এবারের স্লোগান হচ্ছে ‘বি দ্য চেঞ্জ, স্টার্ট গ্রিন নাউ’। ৬ষ্ঠতম মেলা উপলক্ষে আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল মাল্টিপ্ল্যান সেন্টার দোকান মালিক সমিতি। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ও ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১২ এর আহ্বায়ক তৌফিক এহেসান জানিয়েছেন, তথ্য যোগাযোগ প্রযুক্তিকে জীবনমুখী ও সহজলভ্য করতেই এ মেলার আয়োজন। শুধু প্রযুক্তিপণ্য কেনা-বেচাই নয়, প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রযুক্তি বর্জ্যের ব্যাপারে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতেই এ মেলার আয়োজন করা হচ্ছে।সংবাদ সম্মেলনে মেলার আহ্বায়ক আরো জানান, ‘এবারের মেলা ঘিরে প্রযুক্তিপণ্য ব্যবসায়ীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। মেলায় বাংলাদেশের প্রযুক্তিপণ্য আমদানিকারক ও ব্যবসায়ীরা বিভিন্ন ব্র্যান্ডের সাম্প্রতিক পণ্যগুলো প্রদর্শন করবেন। তিনি জানান, আগামী ১৯ ডিসেম্বর বুধবার বিকেল তিনটায় প্রধান অতিথি হিসেবে ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১২-এর উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বিশিষ্ট শিক্ষাবিদ ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এর উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী, এসোসিও’র সভাপতি জনাব আব্দুল্লাহ এইচ কাফী, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর সভাপতি জনাব মোঃ ফয়েজউল্যাহ খান।তৌফিক এহেসান জানিয়েছেন, এবারের মেলায় মাল্টিপ্ল্যান মার্কেটের ৫৫০ প্রতিষ্ঠান তাদের প্রযুক্তিপণ্য প্রদর্শন করবে।শিক্ষার্থীরা মেলায় বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। বিভিন্ন পণ্যে ছাড়সহ মেলায় আগত অতিথিদের জন্য নানা ধরনের উপহারও থাকছে ।