১৯ সেপ্টেম্বর থেকে ঢাকায় ডেলের মেলা
বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান ডেলের বিভিন্ন পণ্য নিয়ে ১৯ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে দুই দিনের মেলা। ‘ডেল কার্নিভাল’ নামের এ মেলায় বাংলাদেশে ডেলের পরিবেশক ও খুচরা বিক্রেতারা অংশ নেবেন।
গত সোমবার রাতে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন তথ্য জানান ডেলের ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান। তিনি বলেন, ‘এই মেলায় ডেলের সব পণ্য বিশেষ মূল্য ছাড়ে বিক্রি হবে। ডেলের ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটার, মনিটরসহ নানা পণ্য থাকবে মেলায়।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে প্রথমবারের মতো বড় ধরনের মেলার আয়োজন করছে ডেল। এ ছাড়া মেলায় ডেলের বিশেষ ‘পিসি ক্লিনিক’ বুথ থাকবে, ফলে বিভিন্ন পণ্যের সমস্যার সমাধান পাওয়া যাবে বিশেষজ্ঞদের কাছ থেকে। এ মেলা সবার জন্য উন্মুক্ত। খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত ।