বিরাম চিহ্ন অংশ-১৫
প্রিয় শিক্ষার্থী, সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ে ১০ নম্বর প্রশ্ন থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনর্লিখন’-এর ওপর। নম্বর থাকবে ৫। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
৪২.
জগদীশচন্দ্র কিন্তু বাংলাতেও বেশ লিখেছেন বিশেষ করে তোমাদের মতো শিশু কিশোরদের জন্য তাঁর লেখা নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনি এটি পরে পলাতক তুফান নামে জগদীশচন্দ্রের অব্যক্ত নামক বইয়ে ছাপা হয়।
উত্তর: জগদীশচন্দ্র কিন্তু বাংলাতেও বেশ লিখেছেন, বিশেষ করে তোমাদের মতো শিশু-কিশোরদের জন্য তাঁর লেখা নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনি। এটি পরে পলাতক তুফান নামে জগদীশচন্দ্রের অব্যক্ত নামক বইয়ে ছাপা হয়।
৪৩.
পঁচিশে মার্চ রাতে আক্রান্ত হয় সাংবাদপত্র অফিসগুলোও পাকিস্তানি শাসক ও তার সেনারা জানত যে এ দেশের সাংবাদিকেরাও তাদের জন্য বিপজ্জনক প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিসে আগুন লাগিয়ে দেয় তারা সেই রাতে হত্যা করে বহু সাংবাদিককে এ দেশের একটি প্রধান সংবাদপত্র দৈনিক সংবাদ।
উত্তর: পঁচিশে মার্চ রাতে আক্রান্ত হয় সাংবাদপত্র অফিসগুলোও। পাকিস্তানি শাসক ও তার সেনারা জানত যে এ দেশের সাংবাদিকেরাও তাদের জন্য বিপজ্জনক। প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিসে আগুন লাগিয়ে দেয় তারা সেই রাতে। হত্যা করে বহু সাংবাদিককে। এ দেশের একটি প্রধান সংবাদপত্র দৈনিক সংবাদ।
৪৪.
পাকিস্তানি সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ব্যারাকে ব্যারাকে আর নানা আবাসিক এলাকায় নির্বিচারে হত্যা করে নিদ্রিত লোক সকলকে সেই হত্যাকাণ্ড চালিয়েই যেতে থাকে বিরামহীন।
উত্তর: পাকিস্তানি সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র, ঘুমন্ত মানুষের ওপর। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে ব্যারাকে, আর নানা আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে নিদ্রিত লোক-সকলকে। সেই হত্যাকাণ্ড চালিয়েই যেতে থাকে বিরামহীন।
৪৫.
১৯৭১ সালে আমরা অর্জন করি আমাদের স্বাধীনতা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন এই দিন আমরা দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করে বিজয় অর্জন করি এই বিজয়কে পাওয়ার আগে দেশবাসীকে করে যেতে হয় এক তীব্র মুক্তিযুদ্ধ আমাদের সাহসী বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন শত্রুসেনাদের সঙ্গে দেশের অন্য সব সাধারণ মানুষ তাঁদের জুগিয়েছে ভরসা ও সাহস।
উত্তর: ১৯৭১ সালে আমরা অর্জন করি আমাদের স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করে বিজয় অর্জন করি। এই বিজয়কে পাওয়ার আগে দেশবাসীকে করে যেতে হয় এক তীব্র মুক্তিযুদ্ধ। আমাদের সাহসী বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন শত্রুসেনাদের সঙ্গে। দেশের অন্য সব সাধারণ মানুষ তাঁদের জুগিয়েছে ভরসা ও সাহস।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল, ঢাকা