২ জুন থেকে রবির ইন্টারনেট মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২ জুন থেকে দেশের নয়টি জেলায় মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির আয়োজনে শুরু হচ্ছে ‘ইন্টারনেট মেলা’। মেলা চলবে ৩ জুলাই পর্যন্ত। কুমিল্লায় শুরু হয়ে এ মেলা হবে নওগাঁ, নাটোর, খুলনা, যশোর, চট্টগ্রাম, নীলফামারী ও বগুড়া জেলায়। এ আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়।

নয়টি জেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিন করে হবে এ মেলা। মেলায় আইসিটির নতুন নতুন উদ্ভাবন দেখানোর পাশাপাশি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ নানা খাতে সেবা নেওয়ার পদ্ধতিগুলো প্রদর্শন করা হবে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আইসিটিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতকে আরও বিকশিত করার মাধ্যমে দেশের উন্নয়ন বাড়ানো সম্ভব।’

অনুষ্ঠানে আইসিটিসচিব নজরুল ইসলাম খান, রবির প্রধান নির্বাহী মাহতাবউদ্দিন আহমেদ, রবির প্রধান বাজারজাত কর্মকর্তা প্রদীপ শ্রীবাস্তব ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন । —জিয়াউর রহমানচৌধুরী