২ মে বিআইজেএফের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২ মে তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০১৫-১৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে ভোট গ্রহণ করা হবে। মঙ্গলবার বিআইজেএফের নির্বাচন পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা জব্বার গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘বিআইজেএফ একটি তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের শক্তিশালী সংগঠন। এটি দিনে দিনে ব্যাপক বিস্তার ঘটাচ্ছে। ২ মে জাতীয় প্রেসক্লাবে নির্বাচন ঘোষণা করেছি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৪ এপ্রিল। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৮ এপ্রিল।’ নির্বাচন পরিচালনা পর্ষদের অপর দুই সদস্য হলেন আবির হাসান ও মেহেদী হাসান।
প্রাথমিক ভোটার তালিকায় ৬৪ জন ভোটার রয়েছেন। ভোটারদের সরাসরি ভোটে কার্যনির্বাহী কমিটির নয়জন সদস্য নির্বাচিত হবেন।
এর আগে ২০১২ সালের ১১ আগস্ট বিআইজেএফের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
রাহিতুল ইসলাম