
বিশ্বসেরা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ সারা বিশ্বের ২০ কোটির বেশি যন্ত্রে চলছে বলে জানা গেছে। দ্রুতগতিতে বিভিন্ন ধরনের যন্ত্রে উইন্ডোজের কোনো সংস্করণের এমন ব্যবহারে খুশি মাইক্রোসফট। গত বছরের জুলাই থেকে বিনা মূল্যে উইন্ডোজ ১০ ডাউনলোডের সুযোগ চালু হয় ব্যক্তিগত কম্পিউটার এবং স্মার্টফোনে। এক মাস আগে এক অনুষ্ঠানে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদালে জানিয়েছিলেন, উইন্ডোজ ১০ চলছে ১১ কোটি যন্ত্রে। এ ঘোষণার এক মাসের মধ্যেই প্রায় দ্বিগুণ যন্ত্রে ব্যবহৃত হচ্ছে নতুন এই অপারেটিং সিস্টেম।
উইন্ডোজ ১০ ব্যবহারের ক্ষেত্রে এমন আগ্রহ বাড়ার কয়েকটি কারণ উল্লেখ করেছেন বাজার বিশ্লেষকেরা। তাঁদের মতে, নতুন এই অপারেটিং সিস্টেমে ব্যক্তিগত ভার্চ্যুয়াল সহকারী কর্টানা যুক্ত হয়েছে। ব্যক্তিগত এই সহকারী ব্যবহারকারীর সঙ্গে আলাপ চালিয়ে যেতে পারে। গেমিংকে সর্বোচ্চ প্রাধান্যও দেওয়া হয়েছে উইন্ডোজ ১০-এ। এমনটা এর আগে জানিয়েছিলেন এক্সবক্স টিমের প্রধান ফিল স্পেন্সার। পাশাপাশি উইন্ডোজ ৭ ও ৮.১ ব্যবহারকারীরা এক বছরের জন্য বিনা মূল্যে হালনাগাদ করার সুযোগ পেয়েছেন। যুক্ত হয়েছে নতুন ইউজার ইন্টারফেস, যেখানে রয়েছে স্টার্ট মেন্যু। সবচেয়ে বড় সুবিধা যুক্ত হয়েছে এবারের সংস্করণে এবং সেটি হচ্ছে সব প্ল্যাটফর্মেই চলবে উইন্ডোজ ১০। ফোন, ট্যাব, টুইনওয়ান, পিসিসহ সব প্ল্যাটফর্মে ব্যবহার উপযোগী করেই তৈরি করা হয়েছে এই অপারেটিং সিস্টেমটি। বিনা মূল্যে কথা বলার জনপ্রিয় সফটওয়্যার স্কাইপে যুক্ত হয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে।
সব মিলিয়ে দীর্ঘদিন পর আবার নিজেদের বাজারে ঘুরে দাঁড়ানোর এই চেষ্টায় প্রাথমিকভাবে সফল হয়েছে মাইক্রোসফট এমনই মত বাজার গবেষকদের। তবে এ ধারা অব্যাহত রাখতে উইন্ডোজ ১০-এর জন্য আরও বেশি মোবাইল ডেভলপার তৈরির পরামর্শও দিয়েছেন একাধিক গবেষক। তাঁদের মতে, বেশি বেশি অ্যাপ তৈরি করতে পারলেই অ্যাপলের আইফোন বা আইপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্ধিতায় এগিয়ে থাকা যাবে।
ফাস্টপোস্ট ও উইন্ডোজ ব্লগ