২০ ডলারে স্মার্টফোন চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ ডলারের কমে স্মার্টফোন বাজারে আনলেই কেবল স্মার্টফোনের বাজার বড় হবে বলে মনে করছেন গবেষকেরা
২০ ডলারের কমে স্মার্টফোন বাজারে আনলেই কেবল স্মার্টফোনের বাজার বড় হবে বলে মনে করছেন গবেষকেরা

গত ছয় মাসে থমকে গেছে স্মার্টফোনের বিক্রি। এখনো অধিকাংশ মানুষের হাতের নাগালে নেই স্মার্টফোনের দাম। ৩৫ ডলারের নিচে এখনো স্মার্টফোন মেলে না। বাজার গবেষকেরা বলছেন, স্মার্টফোনের দাম ২০ ডলারের কম করা গেলে তবেই এর বাজার বাড়বে।
এ বছরের গত ছয় মাসে বাজারে যত ফোন এসেছে এর মধ্যে ৭০ শতাংশই স্মার্টফোন। বাজার গবেষকেরা বলছেন, উন্নয়নশীল দেশগুলোর বাজারে স্মার্টফোনের জনপ্রিয়তা আরও বাড়াতে হলে এর দাম কমাতে হবে। কিন্তু স্মার্টফোনের দাম রাতারাতি কমে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না তাঁরা। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট কম্পিউটার ওয়ার্ল্ড।
স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের গবেষক নেইল মাউসটন জানিয়েছেন, প্রতিবছর স্মার্টফোন বিক্রির হার বাড়তে থাকলেও এ বছরের গত দুই প্রান্তিকে এর বিক্রির হার একই জায়গায় স্থির হয়ে গেছে। গত দুই প্রান্তিকে ৭০ শতাংশ স্মার্টফোন বিক্রি হয়েছে।
নেইল মাউসটনের মতে, স্মার্টফোনের বাজার আরও বড় করতে হলে উন্নয়নশীল দেশগুলোতে এর দাম কমাতে হবে। এর দাম সেখানকার মানুষের হাতের নাগালে আসে, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। এখন একটি স্মার্টফোন সর্বনিম্ন ৩৫ ডলারে পাওয়া যায়, কিন্তু স্মার্টফোন ২০ ডলারের কম দামেই সহজলভ্য করতে হবে।

অবশ্য গবেষকেরা বলছেন, কম দামে অর্থাৎ ২০ ডলারের কমে স্মার্টফোন পেতে আরও দুই বছরের বেশি সময় লাগতে পারে।
ফিচার ফোনের ভবিষ্যৎ প্রসঙ্গে বাজার গবেষক মাউসটন বলেন, ‘বাজারে কম দামে স্মার্টফোন বিক্রি করতে এর যন্ত্রাংশ ও সফটওয়্যারের খরচ কমাতে হবে। রাতারাতি এই খরচ কমার সম্ভাবনা নেই বলে এখনই ফিচার ফোনকে বিদায় বলা যাচ্ছে না।’
স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, গত দুই প্রান্তিকে স্মার্টফোনের ব্যবসায় বড় ধরনের ধসের মুখে পড়লেও স্মার্টফোনের বাজারে এখন শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। ৩৫ শতাংশ বাজার দখলে থাকলেও এখন তা কমে ২৫ শতাংশে নেমে এসেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপল। তৃতীয় স্থানে উঠে এসেছে চীনের স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠান শাওমি। এর পরের অবস্থানে রয়েছে এলজি ও হুয়াউয়ে।