২০ হাজার আফগান শরণার্থীর থাকার ব্যবস্থা করবে এয়ারবিএনবি

স্পেনের বিমানঘাঁটিতে কাবুল থেকে আসা আফগান শরণার্থীরারয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে ঘর ভাড়া দেওয়া-নেওয়ার সেবা এয়ারবিএনবির দাতব্য শাখার মাধ্যমে ২০ হাজার আফগান শরণার্থীর আশ্রয়ের ব্যবস্থা করবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

যে বাড়িওয়ালারা শরণার্থীদের বিনা মূল্যে বা কম খরচে থাকতে দিতে রাজি হবেন, তাঁদের সঙ্গে সমন্বয় করার কথা জানিয়েছে এয়ারবিএনবি। বাকি সব খরচ, যেমন: গ্যাস-পানি-বিদ্যুৎ বিল বা রক্ষণাবেক্ষণের খরচ প্রতিষ্ঠানটি বহন করবে। এ উদ্যোগে এয়ারবিএনবির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান চেসকি নিজেও অর্থ দান করবেন বলে জানিয়েছেন।

ব্রায়ান বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য জায়গায় আফগান শরণার্থীদের পুনর্বাসন আমাদের সময়ের বড় মানবিক সংকটগুলোর একটি। দায়িত্ববোধ থেকে এগিয়ে এসেছি আমরা। আশা করছি, আমাদের এ উদ্যোগ অন্য ব্যবসায়িক নেতাদের এমন কাজে উদ্বুদ্ধ করবে।’

তবে কোথায় এবং কত দিনের জন্য শরণার্থীদের রাখবে, তা জানায়নি প্রতিষ্ঠানটি। বরং পুনর্বাসনের দায়িত্বে থাকা সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে তারা, যেখানে যেমন প্রয়োজন, সে অনুযায়ী কাজ করবে।

এয়ারবিএনবি মূলত মার্কেটপ্লেস। এর মূল ধারণা হলো আপনার বাড়িতে যদি একটি ঘর ফাঁকা থাকে, তবে সেটি আপনি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিতে পারবেন। আবার কেউ আপনার এলাকায় বেড়াতে এলে অ্যাপ বা ওয়েবসাইট থেকে সাময়িক সময়ের জন্য আপনার বা অন্য কারও ঘর ভাড়া নিতে পারবে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, কাবুল তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর ক্ষুদ্র পরিসরে কাজ করছিল এয়ারবিএনবি। আফগান শরণার্থীদের তাৎক্ষণিক আবাসনের ব্যবস্থার জন্য অলাভজনক সংস্থাগুলোর সঙ্গে কাজ শুরু করেছে তারা। ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) প্রেসিডেন্ট ডেভিড মিলিব্যান্ড এয়ারবিএনবির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এয়ারবিএনবির দাতব্য শাখা হিসেবে গত বছর এয়ারবিএনবি ডট অর্গ প্রতিষ্ঠিত হয়
রয়টার্স

এয়ারবিএনবির দাতব্য শাখা হিসেবে গত বছর এয়ারবিএনবি ডট অর্গ প্রতিষ্ঠিত হয়। মূল লক্ষ্য সংকটের সময়ে মানুষের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা। এয়ারবিএনবির চার লাখ শেয়ার এবং প্রতিষ্ঠানটির তিন সহপ্রতিষ্ঠাতার ৬০ লাখ ডলার অনুদান থেকে এয়ারবিএনবি ডট অর্গের যাত্রা শুরু। এর আগেও মানবিক কাজে সাহায্য করেছে তারা। ২০১২ সালে যুক্তরাষ্ট্রে হারিকেন স্যান্ডিতে ক্ষতিগ্রস্ত মানুষের বিনা মূল্যে থাকার ব্যবস্থা করেছিল এয়ারবিএনবি। সেই থেকে প্রায় ৭৫ হাজার মানুষের জন্য অস্থায়ী আবাসন প্রাপ্তিতে সাহায্য করেছে প্রতিষ্ঠানটি।

অন্য প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। তবে আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ায় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো পড়েছে নতুন সংকটে।