২০০ কোটি ডলারে অকুলাস ভিআরকে কিনল ফেসবুক

হোয়াটস অ্যাপের পর এবার ভিডিও গেমের জন্য ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ‘অকুলাস ভিআর’কে অধিগ্রহণ করেছে ফেসবুক। সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই ওয়েবসাইট প্রায় ২০০ কোটি ডলারের বিনিময়ে অকুলাস ভিআরকে কিনে নিয়েছে।
অধিগ্রহণ বিষয়ে গতকাল বুধবার ফেসবুকে নিজের পেজে (www.facebook.com/zuck) বিস্তারিত জানিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। তিনি জানান, ‘অনেক আগে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিকে বৈজ্ঞানিক কল্পকাহিনি হিসেবে মনে করা হতো। তবে এখন আর এটি কল্পকাহিনি নয়।’ ফেসবুক বার্তাটিতে তিনি আরও উল্লেখ করেন, ‘ভবিষ্যতে এমন সময় আমাদের জন্য অপেক্ষা করছে, যখন আমার বৈজ্ঞানিক কল্পকাহিনির বিষয়গুলোকে বাস্তবে আনতে পারব। আর এ জন্য আমি খুবই আনন্দিত যে আমরা অকুলাস ভিআরকে অধিগ্রহণ করতে পেরেছি। আমি এ দলটির সঙ্গে কাজ করার ব্যাপারে খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’
অকুলাস ভিআর এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রযুক্তিপণ্য বাজারে না ছাড়লেও ভার্চুয়াল প্রযুক্তি সুবিধার হেডসেট তৈরি করেছে। এটি মূলত ভিডিও গেম খেলোয়াড়দের জন্য বিশেষভাবে তৈরি করা। খেলোয়াড়েরা এ হেডসেট মাথায় পরে তৃতীয় প্রজন্মের প্রযুক্তির (থ্রিডি) ভার্চুয়াল দুনিয়ায় বেড়াতে পারবে। বাস্তবে ভার্চুয়াল জগতের স্বাদ পাওয়ার ক্ষেত্রে এ প্রযুক্তি বেশ সহায়ক বলেই মত দিয়েছেন প্রযুক্তি গবেষকেরা। এ ছাড়া অকুলাসের তৈরি ভার্চুয়াল রিয়েলিটির প্রযুক্তি ভিডিও গেমের ক্ষেত্রে নতুন এক মাত্রা যোগ করতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
—দ্য নেক্সট ওয়েব অবলম্বনে কাজী আলম