২০০৯ সালে তথ্যপ্রযুক্তির ১০ ভুল
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য ২০০৯ সালটি ছিল বেশ আলোকিত, আলোচিত। সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ও টুইটারের জনপ্রিয়তার বাঁধভাঙা জোয়ার থেকে শুরু করে স্মার্টফোন কিংবা ই-তথ্যব্যবস্থার ব্যাপক উন্নতির জন্য হলেও মনে রাখতে হবে এই বছরটি। এত কিছুর পরও কিছু ভুল থেকেই যায়। সিএনএন এমন ১০টি ভুলকে চিহ্নিত করেছে।প্রথম প্রহরেই জুনের ধোঁকা: মাইক্রোসফটের গান শোনার বহনযোগ্য যন্ত্র জুনের ধোঁকা দিয়েই শুরু হয় ২০০৯ সাল। ২০০৮ সালের ৩১ ডিসেম্বর জুনের ৩০ গিগাবাইট ধারণক্ষমতার একটি মডেলে সমস্যা দেখা দেয়। ২০০৯-এর প্রথম প্রহরেই জুনের এই বিশেষ মডেল বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। টুইটারপিকের ব্যর্থতা: টুইটারের তথ্য হালনাগাদ ও দেখার জন্য গত বছর স্বতন্ত্র একটি যন্ত্র আসে বাজারে টুইটারপিক নামে। কিন্তু এর চেয়ে কম দামে মোবাইল ফোনসেটে একই সুবিধা পাওয়ায় গ্রাহকেরা স্বভাবতই ১৯৯ ডলারের এই যন্ত্রটিতে আগ্রহ দেখায়নি।স্বত্ব থেকে ফেসবুকের পিছু হটা: ফেসবুকে সদস্য হওয়ার সময় একটি শর্ত জুড়ে দেওয়া ছিল, ‘ফেসবুকে প্রকাশকরা সব ধরনের ছবি, ভিডিও চিত্র ও তথ্যের আজীবনের স্বত্বাধিকারী ফেসবুক’। বিভিন্ন মহলের জোরালো আপত্তির মুখে গত বছর এই শর্ত থেকে পিছু হটে তারা।টি-মোবাইলের তথ্যবিপর্যয়: মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান টি-মোবাইল সার্ভার সমস্যার জন্য ভয়ংকর তথ্যবিপর্যয়ের মুখে পড়ে গত অক্টোবরে। তখন গ্রাহকদের ফোনবুক, ক্যালেন্ডার, এসএমএসসহ বিভিন্ন তথ্য হারিয়ে যায় সার্ভার থেকে।টুইটার হ্যাক: গত বছর বেশ কয়েকবার টুইটার হ্যাক হয়েছে। তবে এর মধ্যে ভয়ংকর ছিল টুইটারের কিছু গুরুত্বপূর্ণ ও গোপন ব্যবসায়িক দলিল চুরি করে তা ব্লগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা।সামাজিক ওয়েবসাইটের বাড়াবাড়ি: ফেসবুক, টুইটার কিংবা ইউটিউবে তথ্য হালনাগাদে হুমড়ি খেয়ে পড়েছে লোকজন। তার পরও কিছু ক্ষেত্রে এটা ছিল বাড়াবাড়ি রকমের। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের গুরুত্বপূর্ণ সভায় বারাক ওবামার বক্তব্যের চেয়ে টুইটারে তথ্য হালনাগাদে মনোযোগ দেওয়ার মতো বিষয়গুলো সত্যিই বাড়াবাড়ি।কনফ্লিকারের হম্বিতম্বি: কনফ্লিকার নামের ভয়ংকর কম্পিউটার ভাইরাস ১ এপ্রিল ২০০৯-এ আবার আঘাত হানবে বলে ব্যাপক সতর্কতা ও প্রস্তুতি নেওয়া হয়েছিল বিশ্বব্যাপী। কিন্তু ওই দিন তেমন কিছুই হয়নি।টুইটার-ফেসবুকে সম্মিলিত আঘাত: ৬ আগস্ট ২০০৯-এ হ্যাকাররা ফেসবুক, টুইটার ও ব্লগসাইট লাইভ জার্নাল হ্যাক করে তাতে অপ্রাসঙ্গিক বুলেটিন প্রচার করে। এই আঘাতে টুইটার থমকে গিয়েছিল বেশ কিছু সময়ের জন্য।জিমেইল ভোগান্তি: গত বছর বেশ কয়েকবার গুগলের ই-মেইল সেবাদাতা প্রতিষ্ঠান জিমেইল ক্র্যাশ করে। এর মধ্যে ফেব্রুয়ারিতে একবার ও সেপ্টেম্বরে দুবার বিশ্বব্যাপী জিমেইল ব্যবহারকারীদের বড় ধরনের ভোগান্তিতে পড়তে হয়।গুগল ওয়েভ: ই-মেইল, মেসেঞ্জার, ব্লগ, সামাজিক যোগাযোগ-সুবিধাসহ ব্যক্তিগত যোগাযোগের বিভিন্ন বিষয়কে একসঙ্গে করে নতুন সেবা গুগল ওয়েভের পরীক্ষামূলক সংস্করণ নিয়ে বেশ আশাবাদী ছিল গুগল। কিন্তু এত কিছুর পরও জনপ্রিয়তা পাচ্ছে না গুগলের এই সেবা। —সিএনএন অবলম্বনে জাবেদ সুলতান