২০১২ সালে মানুষকে ছাড়িয়ে যাবে মোবাইল!
বর্তমান বিশ্বে জনসংখ্যা ৭০০ কোটি পেরিয়ে গেছে। মজার বিষয় হচ্ছে, জনসংখ্যার চেয়েও দ্রুত বাড়ছে মোবাইল ডিভাইসের সংখ্যা। যুক্তরাষ্ট্রের নেটওয়ার্ক জায়ান্ট সিসকোর বরাতে এক খবরে বিবিসি জানিয়েছে, চলতি বছরেই সংখ্যার হিসাবে মানুষকে ছাড়িয়ে যাবে মোবাইল ডিভাইস। মোবাইল ডিভাইস বলতে স্মার্টফোন ও ট্যাবলেটকে এ হিসাবের মধ্যে ধরেছে সিসকো।২০১৬ সাল নাগাদ এক হাজার কোটি মোবাইল ডিভাইসে ইন্টারনেট চালু থাকবে। এ সময় মোবাইল নেটওয়ার্কেও প্রতিবছর ১৩০ এক্সাবাইট তথ্য স্থানান্তর হবে, যা ৩ হাজার ৩০০ কোটি ডিভিডিতে রাখা তথ্যের সমান।২০০০ সালের তুলনায় ২০১১ সালে ৮ গুণ বেড়েছে মোবাইল তথ্য ব্যবহারকারী। আর তথ্য ব্যবহারের চাহিদা বেড়ে যাওয়ায় নেটওয়ার্ক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে হিমশিম খেতে হচ্ছে। বতর্মানে প্রতি মাসে প্রতিজন মোবাইল ব্যবহারকারী গড়ে ১৫০ মেগাবাইট তথ্য ব্যবহার করেন। ২০১৬ সাল নাগাদ তথ্য ব্যবহারের পরিমাণ প্রতি মাসে গড়ে ২ দশমিক ৬ গিগাবাইট ছাড়িয়ে যাবে। সিসকোর ভাইস প্রেসিডেন্ট সুরজ শেঠী জানিয়েছেন, ট্যাবলেটের ব্যবহার বেড়ে যাওয়ায় তথ্য ভোক্তার চাহিদা বেড়েছে। ২০১৬ সাল নাগাদ বিশ্বের মোবাইল ট্রাফিক হিসেবে ট্যাবলেট ব্যবহারকারী ১০ শতাংশ তথ্য ব্যবহার করবে।২০২০ সাল নাগাদ প্রায় পাঁচ হাজার কোটি ডিভাইসে ইন্টারনেট চালু থাকবে। বর্তমানে যত ইন্টারনেট সুবিধাযুক্ত পণ্য ব্যবহার করা হয়, ২০২০ সাল নাগাদ তা চার গুণ হয়ে যাবে। বর্তমান বিশ্বে ১ হাজার ৪০০ কোটি ডিভাইসে ইন্টারনেট সংযোগের সুবিধা রয়েছে।