২০১২ সালের পরিধেয় প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরে হয়তো উড়ুক্কু গাড়ি বা জেট প্লেন প্রযুক্তির জ্যাকেটের দেখা মেলেনি, তবে পরিধেয় প্রযুক্তির ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয়েছে। প্রযুক্তির গবেষকেরা পোশাকের সঙ্গে প্রযুক্তির সমন্বয় করেছেন। এ বছর প্রযুক্তি ও ফ্যাশনের দিকে লক্ষ রেখে বেশ কিছু প্রযুক্তি-পোশাক উদ্ভাবন করেছেন গবেষকেরা।অদৃশ্য পোশাকযুদ্ধক্ষেত্রে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে বা শত্রুকে বিভ্রান্ত করতে ক্যামোফ্লেজ বা ছদ্মবেশ নেন সৈনিকেরা। মার্কিন সেনাবাহিনী যাতে সহজেই ক্যামোফ্লেজ সুবিধা পায়, সে জন্য এ ধরনের গবেষণায় অর্থ বিনিয়োগ করেছে পেন্টাগন। এ বছর কানাডার গবেষকেরা যুক্তরাষ্ট্র ও কানাডার সেনাবাহিনীর জন্য এমন ধরনের পোশাক তৈরি করছেন, যা সহজেই ক্যামোফ্লেজ হিসেবে ব্যবহার করা যাবে। ‘ডেইলি মেইল’ জানিয়েছে, গবেষকেরা মার্কিন সেনাবাহিনীর জন্য কোয়ান্টাম স্টিলথ ক্যামোফ্লেজ নামের এক ধরনের পোশাক তৈরি করেছেন। এ পোশাক পরলে সেনাবাহিনীর সদস্যদের বাইরে থেকে আর দেখা যাবে না। অর্থাৎ বৈজ্ঞানিক কল্পকাহিনি বা চলচ্চিত্রে দেখানো দৃশ্যের মতোই মানুষের চোখে অদৃশ্য থাকবে পুরো সেনাবাহিনী। গবেষকদের দাবি, এ পোশাক অনেকটাই জে কে রাওলিংয়ের লেখা ‘হ্যারি পটারের’ অদৃশ্য আলখাল্লার মতো, যা রাতের বেলা দেখার উপযোগী নাইট-ভিশন চশমাতেও ধরা পড়ে না। কানাডার হাইপারস্টিলথ বায়োটেকনলজি করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অর্থায়নে এ প্রযুক্তি উদ্ভাবন করেছে। প্রযুক্তি-বিশ্লেষকদের ধারণা, পোশাকের তন্তুর সঙ্গে আলোক তরঙ্গের কারসাজিতে পোশাক পরিধানকারীকে অদৃশ্য দেখায়। হালকা-পাতলা এ পোশাক পরে ক্যামোফ্লেজ ধারণের জন্য আলাদাভাবে ক্যামেরা, কাচ ও ব্যাটারির কোনো প্রয়োজন পড়ে না।প্রযুক্তি-চশমাট্যাবলেট, স্মার্টফোনের পাশাপাশি এখন স্মার্ট গ্লাস নামের বিশেষ একধরনের প্রযুক্তি-চশমা তৈরির প্রতি নজর দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যারনির্মাতা মাইক্রোসফট। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পেটেন্ট আদালতে স্মার্ট গ্লাসের পেটেন্ট নিবন্ধনের জন্য আবেদনও করেছে প্রতিষ্ঠানটি। বিবিসির তথ্য অনুযায়ী, স্মার্ট গ্লাস ব্যবহারকারী গ্লাসের কাচে প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন। অর্থাৎ নতুন এ প্রযুক্তি ব্যবহার করে খেলা দেখার সময় ব্যবহারকারীরা চশমায় খেলা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্যও জানতে পারবেন। পাশাপাশি কোন খেলোয়াড় কোন দিকে রয়েছেন, তাও দেখা যাবে এ চশমায়। মাইক্রোসফট ছাড়াও স্মার্ট গ্লাস তৈরির কাজ করছে গুগল, ভ্যুজিক্স, এক্সপ্লোরার ইং, টিটিপিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তবে মাইক্রোসফট স্মার্ট গ্লাসের প্রতিদ্বন্দ্বী হবে গুগলের প্রযুক্তি-চশমা। ২০১৩ সাল নাগাদ আধুনিক প্রযুক্তির এমন চশমা বাজারে আনতে পারে গুগল।স্তন ক্যানসার নির্ণয়ে অন্তর্বাসস্তন ক্যানসার হলে প্রাথমিক অবস্থায় তা জানার উপায় বের করতে গিয়ে বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন এমন এক অন্তর্বাস, যা স্তন ক্যানসার শনাক্ত করবে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ফার্স্ট ওয়ার্নিং সিস্টেম এটি তৈরি করেছে। দেখতে সাধারণ অন্তর্বাসের মতো হলেও কার্যকারিতায় থাকবে ভিন্নতা। এই অন্তর্বাসের ভেতরে যুক্ত থাকবে একটি যন্ত্রাংশ। প্রাথমিক অবস্থায় স্তন ক্যানসার শনাক্ত করাই হবে এর প্রধান কাজ। স্তন ক্যানসার শনাক্ত করতে সাধারণত ম্যামোগ্রাম করা হয়। প্রতিষ্ঠানটি দাবি করেছে, অন্তর্বাসের ভেতরের অংশে যুক্ত সংবেদন যন্ত্রের মাধ্যমে প্রাথমিক অবস্থাতেই স্তন ক্যানসার শনাক্ত করা সম্ভব হবে। টিউমার বিস্তারের ফলে সৃষ্ট কোষের তাপমাত্রার পরিবর্তন ধরা পড়বে অন্তর্বাসে ব্যবহৃত সফটওয়্যারে।অদৃশ্য হেলমেটযাঁরা নিয়মিত মোটরসাইকেল চালান কিন্তু মাথায় হেলমেট পরতে চান না, তাঁদের জন্য তৈরি হয়েছে বিশেষ এক প্রকার হেলমেট, যা থাকবে ‘অদৃশ্যে’। দুর্ঘটনা ঘটার উপক্রম হলে বা দুর্ঘটনা ঘটার মুহূর্তে, এক সেকেন্ডের মধ্যে এ হেলমেট মাথা সুরক্ষা করবে। এ হেলমেট অনেকটা জামার কলারের আরোহীর গলায় পরিধান করতে হয়। হেলমেটটিতে এয়ারপ্লেনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ‘ব্ল্যাক বক্স’ রয়েছে, যা কিনা আরোহীর গতিবিধি রেকর্ড করে রাখে এবং দুর্ঘটনাকালে ত্বরণ ও গতির মাত্রা বুঝতে পারে। শরীরের তাপ থেকে বিদ্যুৎযুক্তরাষ্ট্রের একটি ইলেকট্রনিক পণ্যনির্মাতা প্রতিষ্ঠান মানুষের শরীরের তাপমাত্রা ব্যবহার করে ইলেকট্রনিক যন্ত্র চালানোর পদ্ধতি উদ্ভাবন করেছে। পারপেচুয়া নামের এ প্রতিষ্ঠানটির উদ্ভাবিত প্রযুক্তিতে শরীরের তাপমাত্রা ব্যবহার করেই হাতঘড়ি চলবে। পারপেচুয়ার ব্যবহূত পদ্ধতিটি অবশ্য ২০০ বছর আগেই থমাস জোহান সিবেক নামের একজন পদার্থবিদ উদ্ভাবন করেছিলেন। সিবেক তাঁর গবেষণায় দেখেছিলেন, কোনো ধাতব যৌগের একদিকে তাপমাত্রা বাড়ানো ও অন্যদিকে তাপমাত্রা কমানো হলে বিদ্যুৎ উত্পন্ন হয়। মানুষের শরীরের তাপমাত্রা বায়ুমণ্ডলের তাপমাত্রার চেয়ে বেশি থাকে। পারপেচুয়া এ মূলনীতি প্রয়োগ করে একটি আর্মব্যান্ড তৈরি করেছে, যা শরীরের তাপমাত্রা কাজে লাগিয়ে ব্লুটুথ যন্ত্রের মতো কম বিদ্যুত্ শক্তিতে চলে এমন যন্ত্রগুলোর প্রয়োজনীয় বিদ্যুৎ জোগাতে সক্ষম। এ পদ্ধতিতে হাতঘড়ি ও হার্ট মনিটরের মতো যন্ত্রগুলোর বিদ্যুৎশক্তি শরীরের তাপমাত্রা থেকে পাওয়া যাবে বলেই জানিয়েছে পারপেচুয়া কর্তৃপক্ষ।হাঁটলেই চার্জ হবে মোবাইলগবেষকেরা জানিয়েছেন, হাঁটতে হাঁটতেই মোবাইল বা সঙ্গের বৈদ্যুতিক যন্ত্রটিতে চার্জ দেওয়ার কাজটি সেরে নেওয়া যাবে। হাঁটার ফলে যে শক্তি উত্পাদন হবে, তা সরাসরি মোবাইল ফোন বা সঙ্গে থাকার ডিভাইসটির ব্যাটারিতে জমা হবে। এ প্রযুক্তির সুবিধা নিতে হাঁটার সময় বিশেষ ধরনের একটি জুতা পরতে হবে। হাঁটার শক্তি কাজে লাগানোর এ পদ্ধতি উদ্ভাবন করেছেন ইউনিভার্সিটি অফ উইসকনসিন-ম্যাডিসনের গবেষকেরা। ‘এনার্জি হারভেস্টার’ নামের একটি পদ্ধতিতে মোবাইল, ল্যাপটপ, ফ্ল্যাশলাইটসহ ইলেকট্রনিক যন্ত্রগুলোর চার্জ দেওয়া যায়। এ পদ্ধতিতে এনার্জি হারভেস্টারকে জুতার মধ্যে বসিয়ে দেওয়া হয়, যা যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। এফ হারভেস্টার ওয়াই-ফাই হটস্পট হিসেবে কাজ করতে সক্ষম। গবেষকেরা জুতা থেকে বিদ্যুৎ উৎপাদনের এ পদ্ধতিটির নাম দিয়েছেন ‘রিভার্স ইলেকট্রোওয়েটিং’।