২০১৩ সালে গুগলে বাংলাদেশ থেকে পরীক্ষার ফল খোঁজা হয়েছে বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের মাধ্যমে বাংলাদেশে থেকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ২০১৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। সম্প্রতি বাংলাদেশ থেকে যেসব তথ্য ও ব্যক্তির খবর বেশি খোঁজা হয়েছে, তা প্রকাশ করেছে গুগল সার্চ ট্রেন্ড।
তালিকার শীর্ষ দশের ১ নম্বরে ছিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এ তালিকায় থাকা অন্য বিষয়গুলো হচ্ছে যথাক্রমে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক, অনলাইনে কেনাবেচার সাইট বিক্রয় ডট কম, হিন্দি চলচ্চিত্র চেন্নাই এক্সপ্রেস, আশিকি, অনলাইন সংবাদমাধ্যম বিডি নিউজ ২৪ ডট কম, রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক এবং শিক্ষা বোর্ডের ফলাফল। এ তালিকা পাওয়া যাবে www.google.com.bd/trends ঠিকানার ওয়েবসাইটে।
বিষয়ের পাশাপাশি বাংলাদেশ থেকে যেসব ব্যক্তির তথ্য বেশি খোঁজা হয়েছে, সেই তালিকায় শীর্ষে আছেন সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত হলিউড অভিনেতা পল ওয়াকার।
দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় অভিনেত্রী জিয়া খান এবং তৃতীয় অবস্থানে রয়েছেন আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার নাম। এ তালিকায় যথাক্রমে আরও আছেন বাংলাদেশি অভিনয়শিল্পী প্রয়াত মিতা নূর, ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব শ্রদ্ধা কাপুর, আলিয়া ভাট, সুরাজ পাঞ্চোলি, প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ, আদিত্য রয় কাপুর ও ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজ।
—গুগল সার্চ ট্রেন্ডস অবলম্বনে কাজী আলম