২০১৪ সালের এইচএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্ন কমলাকান্তের জবানবন্দি
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। বাংলা ১ম পত্রের একটি সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হলো।

# রহিমগঞ্জ গ্রামে চৌধুরী সাহেবের নামে এতিমখানায় উদ্বোধন উপলক্ষে এতিমদের ভূরিভোজের আয়োজন হয়েছে। এলাকার গণ্যমান্য, অবস্থাসম্পন্ন ব্যক্তিরাও তাতে আমন্ত্রিত। চৌধুরী সাহেব এতিমদের নিজ হাতে পরিবেশন করছেন—হাততালির সঙ্গে ক্লিক ক্লিক করে ক্যামেরার ফ্লাশ জ্বলতে লাগল। অন্যদিকে, বহুব্যঞ্জনশোভিত টেবিলে আমন্ত্রিত ব্যক্তিদের আপ্যায়নের ব্যবস্থা হয়েছে। এতিমখানার ১২ বছরের বালক বদিউরের মনে এক বিষম ভাবনার জন্ম হয়, ‘এ গ্রামে এত গণ্যমান্য এতিম রয়েছেন!’
ক. বঙ্কিমচন্দ্রের সাহিত্যিক অভিধা কী?
খ. ‘ঘোরতর কৃষ্ণবর্ণ’ সংলাপে উকিলের প্রত্যাশিত উত্তর ও কমলাকান্তের অনুধাবনের পার্থক্য বুঝিয়ে দাও।
গ. বদিউরের ভাবনার সঙ্গে কমলাকান্তের সংলাপের ভাবার্থের সাদৃশ্য বুঝিয়ে লেখো।
ঘ. ওপরের অনুচ্ছেদটি ‘কমলাকান্তের জবানবন্দি’র মূলভাব ভিন্ন প্রেক্ষাপটে পরিবেশিত হয়েছে। মন্তব্যটির ক্ষেত্রে তোমার মতামত উপস্থাপন করো।
উত্তর: ক. বঙ্কিমচন্দ্রের সাহিত্যিক অভিধা-সাহিত্য সম্রাট।
উত্তর: খ. এই সংলাপে উকিলের প্রত্যাশিত উত্তরের ও কমলাকান্তের অনুধাবনের মধ্যে সম্প্রদায় এবং কালো রঙের মধ্যে পার্থক্য বিরাজমান। হিন্দুদের ক্ষেত্রে বর্ণ বলতে জাতি বা সম্প্রদায় বোঝায়। কমলাকান্ত যখন প্রসন্ন গোয়ালিনীর গরু চুরির মামলার সাক্ষ্য দিতে গিয়ে উকিল বাবু তাকে নানা বিষয়ে জেরা করেন। কমলাকান্ত হিন্দুদের মধ্যে কোন সম্প্রদায়ের লোক, তা জানার জন্য বর্ণ জানতে চান। কমলাকান্ত ব্যাপারটা অনুবাধন করতে না পেরে উত্তর দেয়, ঘোরতর কৃষ্ণবর্ণ। ফলে উকিল বাবু তার অপ্রত্যাশিত উত্তর পাননি। এখানেই উভয়ের পার্থক্য।
উত্তর: গ. বদিউরের ভাবনার সঙ্গে কমলাকান্তের সংলাপের সাদৃশ্য রয়েছে। কমলাকান্ত প্রসন্ন গোয়ালিনীর গরু চুরি মামলার সাক্ষী। সে সাক্ষ্য দিতে আদালতে গেলে উকিল বাবু তাকে নানা ধরনের জেরা করেন। উকিল বাবুর জেরা আর কমলাকান্তের জবাবের মধ্য দিয়ে আদালতের অসংগতি ফুটে উঠেছে। এতিমখানায় ১২ বছরের বালক বদিউরের ভাবনার সঙ্গে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কমলাকান্ত উকিলের সঙ্গে যে সংলাপ করেছে, তার ভাবার্থের সাদৃশ্য বিদ্যমান।
‘কমলাকান্তের জবানবন্দি’ নকশা-জাতীয় রচনা। এখানে আদালতের কাঠগড়ায় দাঁড়ানো সাক্ষী কমলাকান্তের জবানবন্দির মাধ্যমে বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন আদালতে সাজানো-গোছানো যে গালভরা সত্যের কারবার চলে, তা অনেকাংশেই কৃত্রিম আনুষ্ঠানিকতা মাত্র। উদ্দীপকের তারাগঞ্জ গ্রামে চৌধুরী সাহেবের নামে এতিমখানার উদ্বোধন উপলক্ষে এতিমদের ভূরিভোজের আয়োজন ও একই রকম ঘটনা। চৌধুরী সাহেব নিজ হাতে এতিমদের খাদ্য পরিবেশন করছেন আর ক্যামেরায় ছবি তোলা হচ্ছে। প্রকৃতপক্ষে এখানে যাঁরা আমন্ত্রিত হয়েছেন, তাঁদের অধিকাংশই এলাকার গণমান্য ব্যক্তি। এটাও আদালতের মতো আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু নয়। তাই বদিউরের মনে এক বিষম ভাবনার জন্ম হয়, ‘এ গ্রামে এত গণ্যমান্য এতিম রয়েছেন!’ আসলে তাঁরা এতিম নন। ব্যাপারটা ভিন্ন প্রেক্ষাপটে হলেও এতিমদের নামে ভূরিভোজের আনুষ্ঠানিকতা মাত্র। কাজেই বদিউরের ভাবনার সঙ্গে কমলাকান্তের সংলাপের ভাবার্থ সাদৃশ্যপূর্ণ।
উত্তর: ঘ. ‘কমলাকন্তের জবানবন্দি’র প্রেক্ষাপট ওপরের অনুচ্ছেদের প্রেক্ষাপটে ভিন্ন হলেও মূলভাব অভিন্ন। ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনার মূলভাব আদালতে সত্যের নামে সাজানো-গোছানো কৃত্রিম আনুষ্ঠানিকতা মাত্র। উদ্দীপকে এতিমখানার উদ্বোধন উপলক্ষে এতিমদের যে ভূরিভোজের আয়োজন করা হয়েছে, তা-ও কৃত্রিম আনুষ্ঠানিকতা ছাড়া কিছুই নয়।
তারাগঞ্জ গ্রামে চৌধুরী সাহেবের নামে একটি এতিমখানা স্থাপন করা হয়েছে। এর উদ্বোধন উপলক্ষে এতিমদের ভূরিভোজন করানো হবে। কিন্তু এ অনুষ্ঠানে যাঁরা আমন্ত্রিত হয়েছেন, তাঁদের অধিকাংশই এলাকার অবস্থাসম্পন্ন গণ্যমান্য ব্যক্তি, যা অনুষ্ঠানের মূলভাবের সঙ্গে সংগতিপূর্ণ নয়। ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনায় ভিন্ন প্রেক্ষাপটে একই ভাব প্রকাশ পেয়েছে। আদালতে উকিল বাবু যেসব বিষয় নিয়ে কমলাকান্তকে জেরা করছেন, বিচারের সঙ্গে তা পুরোপুরি সংগতিপূর্ণ নয়।
কমলাকান্ত প্রসন্ন গোয়ালিনীর গরু চুরি মামলার সাক্ষী হিসেবে আদালতে হাজির হয়েছে। তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে উকিল বাবু নানা ধরনের জেরা শুরু করলেন। তার নিবাস কোথায়, জাতি কী, সে কোন বর্ণের, তার পেশা কী বা খায় কী করে? কমলাকান্ত এসব প্রশ্নের যে জবাব দিয়েছে, তা অনেকখানি পাগলামির শামিল। তাকে জেরা করতে গিয়ে উকিল যেভাবে পদে পদে বিব্রত ও নাকাল হয়েছেন, তাতে আমরা বিস্মিত না হয়ে পারি না। আদালতের কাঠগড়ায় দাঁড়ানো সাক্ষী কমলাকান্তের জবানবন্দির মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে; আদালতের সাজানো-গোছানো যে গালভরা সত্যের কারবার চলে, তা অনেকাংশই কৃত্রিম আনুষ্ঠানিকতা মাত্র। উদ্দীপকে চৌধুরী সাহেবের এতিমখানার উদ্বোধনী অনুষ্ঠানও একই কথা মনে করিয়ে দেয়। এ অনুষ্ঠানে এতিমদের ভূরিভোজের নামে যাঁদের নিমন্ত্রণ করা হয়েছে, অধিকাংশই এলাকার অবস্থাসম্পন্ন গণ্যমান্য ব্যক্তি। আসলে ছবি তোলার জন্য এটা ছিল সাজানো-গোছানো কৃত্রিম আনুষ্ঠানিকতা মাত্র। ব্যাপারটা এতিমখানার ১২ বছরের বালক বদিউরের মনে বিষম ভাবনার জন্ম দেয়। উপর্যুক্ত আলোচনা থেকে স্পষ্ট হয়ে যায় যে ওপরের অনুচ্ছেদটি ‘কমলাকান্তের জবানবন্দি’র মূলভাব ভিন্ন প্রেক্ষাপটে পরিবেশিত হয়েছে। মন্তব্যটির ক্ষেত্রে আমিও অভিন্ন মত পোষণ করি।

প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকা