২০১৪ সালের এইচএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৩৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩ 
প্রিয় পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। আজ অর্থনীতি ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।
প্রশ্ন: অভাবের বৈশিষ্ট্যসমূহ কী কী?
উত্তর: অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে। মানুষের অভাবের বৈশিষ্ট্যসমূহ হলো:
১. অভাব অসীম। ২. কোনো বিশেষ অভাব সীমাবদ্ধ। ৩. অভাবসমূহ পরস্পরের প্রতিদ্বন্দ্বী। ৪. অভাব পরস্পরের পরিপূরক। ৫. অভাবের তীব্রতার পার্থক্য। ৬. অভাব পূরণে বিকল্প উপায়। ৭. অনুকরণভিত্তিক অভাব ইত্যাদি।
প্রশ্ন: উপযোগ কাকে বলে?
উত্তর: সাধারণ অর্থে উপযোগ বলতে কোনো জিনিসের উপকারিতাকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে উপযোগ কথাটির বিশেষ অর্থ বহন করে। কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতাকে অর্থনীতিতে উপযোগ বলা হয়। দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতা আছে বলেই তার চাহিদা দেখা দেয়। দ্রব্য বা সেবা যা-ই হোক না কেন তা মানুষের অভাব পূরণ করতে পারলেই তার উপযোগ আছে বলে মনে করতে হবে। যেমন—খাদ্য, বস্ত্র, কলম, কাগজ প্রভৃতি দ্রব্য উপযোগবিশিষ্ট। খাদ্য আমাদের ক্ষুধা নিবারণ করে, বস্ত্র লজ্জা নিবারণ করে, কাগজ আমাদের যাবতীয় লেখার জন্য ব্যবহার করা হয়। অর্থনীতিতে উপযোগ ধারণার সঙ্গে নৈতিকতার কোনো সম্পর্ক নেই। অতএব নৈতিকতার প্রশ্নে না গিয়ে অতি সহজভাবে বলতে পারি, দ্রব্য বা সেবার যে ক্ষমতা মানুষের অভাব মেটাতে সক্ষম, সে ক্ষমতাকেই অর্থনীতিতে উপযোগ বলে।
প্রশ্ন: সঞ্চয় কাকে বলে?
উত্তর: আয়ের যে অংশ বর্তমান ভোগের জন্য ব্যবহার না করে ভবিষ্যতের জন্য রাখা হয়, তাকে সঞ্চয় বলে। অর্থাৎ মোট আয় থেকে ভোগের নিমিত্তে ব্যয় করে যা অবশিষ্ট থাকে, তা-ই সঞ্চয়। যেমন ধরা যাক, কোনো ব্যক্তির মাসিক আয় পাঁচ হাজার টাকা। তিনি তা থেকে তিন হাজার টাকা বর্তমান ভোগের কাজে ব্যয় করে এবং দুই হাজার টাকা ভবিষ্যতের জন্য রেখে দেয়। এই দুই হাজার টাকাই হলো সঞ্চয়। সুতরাং আয় থেকে বর্তমান ভোগ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে, তাকে সঞ্চয় বলে। অরলি এম. অ্যামোস, জুনিয়রের মতে, ‘সঞ্চয় হলো ব্যয়যোগ্য আয়, যা ভোগ ব্যয়ে ব্যবহূত হয় না।’ নিচের সমীকরণের সাহায্যে তা প্রকাশ করা যায়:
S = Y-C. এখানে, S = সঞ্চয়, Y = আয়, C = ভোগ ব্যয়।
প্রশ্ন: বিনিয়োগ বলতে কী বোঝো?
উত্তর: সাধারণ কথায় জমিজমা, ঘরবাড়ি, ব্যবসা-বাণিজ্যে অর্থ ব্যয় করাকে বিনিয়োগ বলে। কিন্তু অর্থনীতিতে এ ধরনের ব্যয়কে বিনিয়োগ নামে অভিহিত করা হয় না। কারণ, এ বিনিয়োগ প্রকৃত উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে না। এতে একজনের সম্পদ অন্য জনের কাছে স্থানান্তর হয় মাত্র। অর্থনীতিতে বিনিয়োগ বলতে বোঝায় নতুন মূলধন দ্রব্যের উৎপাদনে অর্থ লগ্নি করা। অর্থাৎ সমাজে নতুন মূলধন দ্রব্য সৃষ্টিকেই বিনিয়োগ বলা হয়। লগ্নি করা অর্থের দ্বারা দেশে নতুন কলকারখানা, যন্ত্রপাতি প্রভৃতির উদ্ভব হলে, অর্থাৎ বর্তমানে আয় ও কর্মসংস্থান বাড়লে তবেই তাকে বিনিয়োগ বলা যায়। জে. এম. কিনসের মতে, ‘পূর্বের মূলধন দ্রব্যের সঙ্গে নতুন মূলধন দ্রব্যের সংযোজনই হলো বিনিয়োগ।’ ডর্ন বুশ ও ফিসার বলেন, ‘বস্তুগত মূলধনের সঙ্গে নতুন সংযোজনকেই বিনিয়োগ বলা হয়।’
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

প্রভাষক,সিলেট ক্যাডেট কলেজ, সিলেট