২০১৪ সালের এইচএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

সৃজনশীল প্রশ্ন সাহিত্যের খেলা
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। বাংলা ১ম পত্রের একটি সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হলো।

মানুষের একটি আশা হচ্ছে নিজের অনুভূতি ও উপলব্ধি অন্যের কাছে প্রকাশ করা। জয়নুল আবেদিনের মতো ছবি এঁকে, রবীন্দ্রনাথের মতো কবিতা-গান লিখে নিজ হূদয়ানুভূতি ও রূপচেতনা সে অন্য মনে ছড়িয়ে দিতে চায়। এভাবে সে জগতের সব মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে লাখো হূদয়ের মধ্যে বেঁচে থাকতে। এটি তখনই সফল হয়, যখন রঙে-ঢঙে, আকারে-প্রকারে, ভাষায়-সুরে, ছন্দে-ইঙ্গিতে নিখুঁত রূপ বা অনুভূতি অন্য মনে প্রতিফলিত ও সঞ্চারিত করা যায়। এ কাজ যে পারে, শিল্পরাজ্যের সে-ই রাজা, সমাজ-ধর্মের জাত-পাত-বর্ণভেদ সেখানে একাকার।
প্রশ্ন:
ক. ‘রামায়ণ’ কে রচনা করেছেন? ১
খ. ‘অতি সস্তা খেলনা’ বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো। ২
গ. প্রবন্ধে ‘ব্রাহ্মণশূদ্রের’ সমানাধিকার ওপরের অনুচ্ছেদের কোন বক্তব্যে প্রতীয়মান হয়? আলোচনা করো। ৩
ঘ. ওপরের অনুচ্ছেদের ‘লক্ষ হূদয়ের মধ্যে বেঁচে থাকার আকাঙ্ক্ষা’—প্রবন্ধে বর্ণিত ‘বিশ্ব মানবের সঙ্গে সম্বন্ধ পাতানোরই নামান্তর’—তোমার মতামত দাও। ৪
উত্তর: ক. ‘রামায়ণ’ রচনা করেছেন বাল্মীকি।
উত্তর: খ. পাঠকের মনস্তুষ্টির জন্য যে সাহিত্যকর্ম রচনা করা হয়, তাকেই ‘অতি সস্তা’ খেলনা বোঝানো হয়েছে। বাল্মীকি আদিতে মুনি-ঋষিদের জন্য ‘রামায়ণ’ রচনা করেছিলেন, জনগণের জন্য নয়। এ যুগে পাঠক হচ্ছে জনসাধারণ। সুতরাং তাদের মনোরঞ্জনের জন্য খেলনা গড়তে হবে, তা না হলে বাজারে কাটবে না। সস্তা করার অর্থ হলো খেলা করা। বৈশ্য লেখকদের পক্ষেই শূদ্র পাঠকের মনোরঞ্জন করা সংগত। কিন্তু খেলনা গড়ে পাঠকের মনস্তুষ্টি হলেও লেখকের মনস্তুষ্টি হতে পারে না। কারণ, পাঠক সমাজ আজ যে খেলনাকে আদর করে, কাল তা ভেঙে ফেলে। তাই একে লেখক ‘অতি সস্তা খেলনা’ বুঝিয়েছেন।

উত্তর: গ. অনুচ্ছেদের শিল্পরাজ্যের বক্তব্য প্রবন্ধে বর্ণিত ‘ব্রাহ্মণশূদ্রের’ সমানাধিকার প্রতীয়মান হয়।
শিল্পরাজ্যে খেলা করার প্রবৃত্তির ন্যায় অধিকারও ছোট-বড় সবার সমান আছে। এমনকি এ কথা বললেও অত্যুক্তি হয় না যে এ পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণশূদ্রের প্রভেদ নেই। রাজার ছেলের সঙ্গে দরিদ্র্যের ছেলেও খেলায় যোগ দেওয়ার অধিকার আছে।
অনুচ্ছেদের শিল্পরাজ্যে সবার সমান অধিকারের কথা বলা হয়েছে। এখানে ছোট-বড় বলে কোনো প্রভেদ নেই। এখানে জাত-বর্ণ-ধর্ম কোনো পরিচয় নেই। রাজার ছেলেও সাহিত্য রচনা করে ছবি এঁকে তার মনের ভাব প্রকাশ করতে পারে। আবার প্রজা বা দরিদ্র ঘরের ছেলেও তা করতে পারে। এখানে ব্রাহ্মণশূদ্রের কোনো পার্থক্য নেই। সমাজ-ধর্মের জাত-পাত-বর্ণভেদ সেখানে একাকার। প্রবন্ধে খেলার মাঠে এ সমানাধিকারের কথা বলা হয়েছে। পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণশূদ্রের কোনো প্রভেদ নেই। রাজার ছেলের সঙ্গে দরিদ্র প্রজার ছেলের খেলায় যোগ দেওয়ার অধিকার আছে। এখানেই অনুচ্ছেদের বক্তব্যটি প্রতীয়মান হয়। খেলার ময়দানে যেমন ব্রাহ্মণশূদ্রের সমান অধিকার, শিল্পরাজ্যেও একই অধিকার প্রতিষ্ঠিত।
উত্তর: ঘ. সাহিত্যের মধ্য দিয়ে বিশ্বমানবের সঙ্গে সম্বন্ধ সৃষ্টি এবং হূদয়ের মধ্যে মানুষ বেঁচে থাকতে চায়।
মানুষ নিজেকে প্রকাশ করাতে চায়। তার অন্যতম প্রধান আশা-আকাঙ্ক্ষা হচ্ছে নিজের অনুভূতি-উপলব্ধি অন্যের কাছে প্রকাশ ও প্রচার করা। জয়নুল আবেদিনের মতো ছবি এঁকে, রবীন্দ্রনাথের মতো কবিতা ও গান লিখে এবং অন্য বড় শিল্পী-সাহিত্যিকদের মতো নিজের হূদয়ানুভূতি ও রূপচেতনা সে অন্য মনে ছড়িয়ে দিতে চায়। এভাবে সে বিশ্বমানবের সঙ্গে সম্বন্ধ গড়ে তুলতে চায় এবং বেঁচে থাকতে চায় লক্ষ হূদয়ের মধ্যে।
সাহিত্যের জগৎ মূলত নিছক আনন্দের জগৎ। মানব মন স্বেচ্ছায় এ আনন্দের জগতে বিচরণ করতে চায়। সাহিত্য নিয়ে খেলা করার অধিকার আমাদের সবারই আছে। কিন্তু তাই বলে তা ছেলের হাতের খেলনা এবং গুরুর হাতের বেতও নয়। মহৎ কবির সৃষ্টি সর্বজনীন আবেদনে পরিপূর্ণ। তার মানস সত্তা প্রতিনিয়তই বিশ্বমানব সত্তা এবং সভ্যতার সঙ্গে নিত্য-নতুন সংযোগ সাধনের সেতু নির্মাণ করে।
মহৎ ও আদর্শ লেখকেরা সাধারণের মতো আত্মকেন্দ্রিক নন। তাঁরা সর্বজনীন এবং বিশ্ব নাগরিক। তাঁদের মানসসত্তা কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আবদ্ধ থাকে না। দেশ-কালের সীমারেখা পেরিয়ে, সব প্রতিবন্ধকতা অতিক্রম করে তারা আপন ভুবনে বিচরণ করে। একজন মহৎ লেখকের মনে প্রতিনিয়ত যে ভাবের উদয় হয়, সে ভাবকে তিনি কবিতার মাধ্যমে চিত্রিত করে ছড়িয়ে দেন বিশ্ববাসীর কাছে। ফলে, কবিমনের সঙ্গে বিশ্বমানবের নতুন সম্পর্ক সৃষ্টি হয়। রঙ্গমঞ্চে অভিনেতারা সংলাপের মাধ্যমে যেভাবে দর্শক-শ্রোতার সামনে তাদের মনের কথাটি তুলে ধরে, কবি-সাহিত্যিকও সেভাবে তাঁদের সৃষ্টির মাধ্যমে পাঠকের কাছে মনের কথাটি তুলে ধরেন। কবিমনের কথাগুলো অসংখ্য পাঠকের মনে প্রবেশ করে। এভাবে কবিমনের সঙ্গে বিশ্বমানবের সংযোগ সৃষ্টি হয়। এর একটাই লক্ষ্য, সৃষ্টির মধ্য দিয়ে মানুষের মধ্যে বেঁচে থাকা। যেমন জয়নুল আবেদিন বেঁচে আছেন তাঁর চিত্রকর্মে, আর রবীন্দ্রনাথ বেঁচে আছেন তাঁর কবিতা ও গানে। সুতরাং, অনুচ্ছেদের ‘লক্ষ হূদয়ের মধ্যে বেঁচে থাকার আকাঙ্ক্ষা’ — প্রবন্ধে বর্ণিত ‘বিশ্বমানবের সঙ্গে সম্বন্ধ পাতানোরই নামান্তর’ কথাটি যথার্থ বলা যায়।

মো. মনিরুল ইসলাম চৌধুরী
প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল