২০১৪ সালের এইচএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি-৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাস থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

মানিকগঞ্জের মধুপুর এলাকার অধিবাসী আমজাদ। এলাকার অধিকাংশ লোক মৃৎশিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করে। অভাব-অনটনের কারণে ছেলেমেয়েকে ভালোভাবে খেতে দিতে পারে না সে। ইচ্ছা থাকা সত্ত্বেও স্কুলে পাঠাতে পারে না, তবে আধুনিকতার প্রভাবে মৃৎশিল্পে কিছুটা পরিবর্তন হওয়ায় আমজাদের পরিবারেও পরিবর্তন এসেছে। আজ তারা দুবেলা দুমুঠো খেতে পায়। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে।

ক. ‘মিছা কথা কইলাম নাকি রে কুবের?’—এ উক্তিটি কার? ১
খ. ‘ঈশ্বর থাকেন ঐ গ্রামে, ভদ্র পল্লীতে—এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।’ উক্তিটির ব্যাখ্যা করো। ২
গ. আমজাদের পরিবারের স্বস্তির নিঃশ্বাসের কারণে পদ্মা নদীর মাঝি উপন্যাসের জেলেদের জীবনে কতটুকু প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘সময়ের পটভূমিতে মৃৎশিল্পীদের পরিবর্তন আসলেও পদ্মা নদীর মাঝি উপন্যাসে জেলেজীবনে পরিবর্তন দেখা যায় না।’ উক্তিটির তাৎপর্য বিচার করো। ৪
উত্তর: ক. ‘মিছা কইলাম নাকি রে, কুবের?’—উক্তিটি পদ্মা নদীর মাঝি উপন্যাসের জেলে ধনঞ্জয়ের।
উত্তর: খ. ঔপন্যাসিক ধনী-দরিদ্রের ব্যবধান, সামাজিক অন্যায়, অবিচার ও অসংগতির প্রতি ইঙ্গিত করে আলোচ্য এ উক্তিটি করেছেন।
পদ্মা নদীর তীরবর্তী কেতুপুর গ্রামের জেলেপাড়ায় বসবাসকারী জেলেরা খুবই অসহায় ও হতদরিদ্র। পাড়ার সবাই জেলে হলেও তাদের অধিকাংশই মাছ শিকারের জন্য জাল কিংবা নৌকা কোনোটাই নেই। যে কারণে এই হতদরিদ্ররা প্রভাবশালী মহলের শোষণের শিকার। শেতল বাবুর মতো প্রতারকেরা ছল-চাতুরীর মাধ্যমে বিনা পয়সায় এদের মাছ হাতিয়ে নেয়। সময়-সুযোগমতো চালান বাবুরাও এদের ঠকায়।
নৌকা ও জালের মালিকেরাও তাদের নানা কৌশলে ঠকায়, শোষণ আর বঞ্চনাই যেন তাদের নিয়তি। অপর দিকে, প্রকৃতিও তাদের অনুকূলে নয়। বর্ষার জল ভাসিয়ে নেয় তাদের মাথা গোঁজার ঠাঁই। নড়বড়ে ঘরগুলো সামান্য ঝড়েই বিধ্বস্ত হয়। রোগ-শোক, জরা-মৃত্যু এখানকার জেলেদের নিত্যসঙ্গী। তাদের এ করুণ অবস্থা দেখে মনে হয়, তাদের প্রতি ঈশ্বরও যেন মুখ তুলে তাকান না। শুধু ধনীদের দিকেই তাঁর নজর। জেলেদের মানবেতর জীবনযাপনে ঔপন্যাসিকের মনে এতটাই গভীর দাগ কেটেছে, তাই ব্যথিতচিত্তে তিনি তাৎপর্যপূর্ণ এ উক্তিটি করেছেন।
উত্তর: গ. আমজাদের পরিবারের স্বস্তির নিঃশ্বাসের কারণ পদ্মা নদীর মাঝি উপন্যাসের জেলেদের জীবনে বিন্দুমাত্রও প্রতিফলিত হয়নি।
উদ্দীপকের আমজাদের পরিবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছিল তাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা হলেও পরিবর্তন এসেছিল বলে। কিন্তু আলোচ্য উপন্যাসে জেলেদের জীবনে তেমন কোনো পরিবর্তন দেখা যায় না। এখানে অবাধে চলতে থাকে গুটিকয়েক প্রভাবশালী শোষকের শোষণ। তাদের প্রতি যেন ঈশ্বরের কোনো দৃষ্টি নেই।
পদ্মা নদীর মাঝি উপন্যাসে বর্ণিত জেলেপাড়ায় সমতলভূমিজুড়ে সামন্ত প্রভুর অধিকার বিস্তৃত। ভূমিভোগের ক্ষেত্রে জেলেদের নেই কোনো ব্যক্তিস্বাধীনতা। যে কারণে একটি কুঁড়ের আনাচ-কানাচে ভূস্বামী কর্তৃক নির্ধারিত স্বল্প খাজনার জমিটুকুতে অপর একটি কুঁড়েঘর উঠতে থাকে। এ যেন তাদের অনাবশ্যক সংকীর্ণ, উন্মুক্ত উদার বিশ্বে এ ছোট জাতের লোকগুলোতে শিশুর কান্না কোনো দিন বন্ধ হয় না। ক্ষুধা-তৃষ্ণার দেবতা, হাসি-কান্নার দেবতা, অন্ধকার আত্মার দেবতা, তাদের পূজা কোনো দিন শেষ হয় না। জন্মের অভ্যর্থনা এখানে গম্ভীর নিরুৎসব, বিষণ্ন। জীবনের স্বাদ এখানে শুধু ক্ষুধা ও পিপাসায়, কাম ও মমতায়, স্বার্থ ও সংকীর্ণতায়। গ্রামের ব্রাহ্মণ ও প্রভাবশালীরা কখনো এসব হতদরিদ্রের উন্নতি লাভ বা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেয় না। স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ জেলেপাড়ার হতদরিদ্র জেলেদের নেই। অপর দিকে উদ্দীপকের আমজাদের পরিবার পেশাগত সাফল্যে কিছুটা হলেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পেরেছিল।
উত্তর: ঘ. পদ্মা নদীর মাঝি উপন্যাসে জেলেদের জীবনে সমাজবাস্তবতার কারণেই কোনো পরিবর্তন দেখা যায় না। উদ্দীপকের আমজাদ একজন মৃৎশিল্পী। আধুনিকতার প্রভাবে এ শিল্পে আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে। যে কারণে আমজাদের পরিবারে কিছুটা হলেও পরিবর্তন এসেছে। এ পরিবর্তনের নিয়ামক শক্তি হলো আয়-উপার্জন বৃদ্ধি। কিন্তু আলোচ্য উপন্যাসের জেলেদের আয়-উপার্জন বৃদ্ধির কোনো উপায় না থাকার কারণেই তাদের জীবনে পরিবর্তনের কোনো ছোঁয়া লাগেনি।
আমাদের গ্রাম বাংলায় জেলে ও মৃৎশিল্পীদের অবস্থান প্রাচীনকাল থেকেই খুব সাধারণ। এদের পেশায় অর্থনৈতিকভাবে ব্যাপক উন্নতির সম্ভাবনা কখনোই কেউ ভাবেনি। তবে সাম্প্রতিককালে মৃৎশিল্পে আধুনিকতার প্রভাব বলতে বিপণন অলংকরণকেই বোঝানো হয়ে থাকে। প্রযুক্তিগত উৎকর্ষে এ যুগে মৃৎশিল্পীরা তাদের উৎপাদিত পণ্য নানা রকমের কারুকাজ ও অলংকরণ করার ফলে এসবের চাহিদা সমাজের বিভিন্ন স্তরে বদ্ধি পেয়েছে। আর চাহিদা বৃদ্ধি মানেই বিক্রির পরিমাণ বৃদ্ধি এবং বিক্রির পরিমাণ বৃদ্ধি হলে লভ্যাংশও বৃদ্ধি পায়। লভ্যাংশ বৃদ্ধির ফলে সংশ্লিষ্ট শিল্পীর জীবনযাত্রার মানেও পরিবর্তনের ছোঁয়া লাগে। কিন্তু পদ্মা নদীর মাঝি উপন্যাসের জেলেদের এ ধরনের পরিবর্তনের কোনোই সুযোগ ছিল না। এসব জেলের অধিকাংশই ছিল সহায়-সম্বলহীন হতদরিদ্র। ইলিশ মাছ শিকারের জন্য প্রয়োজনীয় জাল, নৌকা বলতেও কিছু ছিল না। পাড়ার হাতে গোনা কয়েকজনের জাল ও নৌকা থাকার সুবাদে তারা নিরীহদের শোষণ করত। পরের অধীনে দিনমজুর হিসেবে মাছ ধরে কিংবা মাঝিগিরি করে কারও পক্ষেই জীবনে পরিবর্তন আনা সম্ভব হয় না।
পদ্মা নদীর মাঝি উপন্যাসের প্রকৃতির প্রতিকূলতা এবং দারিদ্রের নির্মম কশাঘাতে জেলেপাড়ার জেলেরা জর্জরিত থাকার কারণেই তাদের জীবনে কোনো পরিবর্তন দেখা যায় না। মৃৎশিল্পীরা নিজেদের স্বাধীন পেশায় ইচ্ছানুযায়ী মেধা ও প্রযুক্তির সমন্বয়ে আধুনিক কিছু করার সুযোগ পায়। যে কারণে কিছুটা হলেও আধুনিকতার প্রভাবে নিজেদের জীবনে পরিবর্তনের ছোঁয়া লাগাতে পারে। কিন্তু মাছধরা কিংবা মাঝিগিরিতে এমন কোনো সুযোগের সম্ভাবনা নেই। তবে প্রযুক্তিগত সুবিধার মাধ্যমে জাল ও নৌকার মালিকেরা কিছু উপকৃত হতে পারে। যে কারণে সমষ্টিগতভাবে জেলেদের জীবনে পরিবর্তন দেখা যায় না।

প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকা