মোহাম্মদ হুমায়ূন কবীর, সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল, ঢাকা
সৃজনশীল প্রশ্ন অপূর্ব ক্ষমা
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা রইলো। আজ বাংলা ১ম পত্রের ‘অপূর্ব ক্ষমা’ গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব।
বিষয়বস্তু: ‘অপূর্ব ক্ষমা’ গল্পে আমরা দেখতে পাই, ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী (রা.)-এর জ্যেষ্ঠ পুত্র হজরত ইমাম হাসান (রা.)-এর তিন স্ত্রী; প্রথম হাসনাবানু, দ্বিতীয় জাএদা ও তৃতীয় জয়নব। এ ছাড়া আছেন আদরের ছেলে কাশেম ও প্রাণপ্রিয় অনুজ ইমাম হোসেন (রা.)। ইমাম হাসানের দ্বিতীয় স্ত্রী জাএদা এজিদের প্ররোচনায় পড়ে স্বামী ইমাম হাসানকে বিষ পান করান। সে বিষক্রিয়ায় মুমূর্ষু হাসান অপরিমেয় সংযম ও ধৈর্যশীলতার পরিচয় দেন। শত্রুর ওপর কোনো প্রতিশোধ না নিয়ে বরং জাএদাকে কাছে ডেকে তাঁর ভালোবাসার কথা জানান এবং ক্ষমা করে দিয়ে তাঁকে ছাড়া স্বর্গে যাবেন না বলেও প্রতিশ্রুতি দেন। জাএদা নিজ কৃতকর্মের জন্য অনুতপ্ত হন। এ ঘটনার মধ্য দিয়ে আমরা ক্ষমার মহান আদর্শের কথা জানতে পারি। গল্পাংশে ইমাম হাসান (রা.)-এর আরও কিছু গুণাবলি প্রকাশ পেয়েছে। এবার আমরা সেগুলো দেখার চেষ্টা করি।
আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস: পরমস্রষ্টা আল্লাহ তাআলার ওপর ছিল ইমাম হাসানের গভীর আস্থা ও বিশ্বাস। তিনি জানেন, ‘মাতামহ (হজরত মোহাম্মদ সা.)-এর বাণী অলঙ্ঘনীয় এবং ঈশ্বরের কার্যও অখণ্ডনীয়।’ অর্থাৎ তিনি যে শত্রুকর্তৃক বিষ প্রয়োগে মারা যাবেন এবং মৃত্যুর আগে তাঁর মুখের বর্ণ বিবর্ণ হবে, সে কথা মাতামহের মাধ্যমে আগে থেকেই জানতেন। আর মাতামহ এ কথা জেনেছিলেন মেরাজে গিয়ে। সেখানে একটি সবুজ বর্ণের ঘর ও একটি লাল বর্ণের ঘর দেখে এর কারণ জানতে চাইলে জিবরাইল (আ.) আল্লাহর নির্দেশে ঘর দুটির প্রতীকী তাৎপর্য ব্যাখ্যা করেন। তাঁর প্রিয় দৌহিত্র ইমাম হাসান বিষ প্রয়োগে মারা যাবেন, এ জন্য এর প্রতীক হিসেবে সবুজ বর্ণের ঘর এবং ইমাম হোসেন মস্তকছেদনের মাধ্যমে মারা যাবেন, এ জন্য রক্তের প্রতীক হিসেবে লাল বর্ণের ঘর। তাই ইমাম হাসান যখন বুঝেন যে এখন তাঁর মৃত্যু হবে। তখন তাকে বাঁচানোর জন্য চিকিৎসার কোনো আয়োজনই করেননি। বরং খুশিমনে আল্লাহর সেই অখণ্ডনীয় বিধানকে মেনে নিয়েছেন এবং বিষদায়িনীর কোনো বিচার নিজে না করে বিচারের ভার আল্লাহ তাআলার ওপর ছেড়ে দিয়েছেন।
বিচক্ষণতা বা দূরদর্শিতা: ইমাম হাসান (রা.) ছিলেন ভীষণ বিচক্ষণ। তিনি তাঁর মেধা ও প্রজ্ঞা দিয়ে বুঝেছিলেন যে তাঁর দ্বিতীয় স্ত্রী জাএদাই তাঁকে বিষ খাইয়েছেন। অথচ তিনি বিষদায়িনীর নাম কারও কাছে প্রকাশ করেননি। এমনকি ছোট ভাই ইমাম হোসেন (রা.) যখন ভ্রাতৃহত্যার প্রতিশোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ, তখনো তিনি ছোট ভাইকে প্রতিশোধ নিতে নিষেধ করেছেন এবং তাঁর মৃত্যুর পরও যদি ইমাম হোসেন তাঁর বিষদায়িনীর নাম জানতে পারেন, তখনো যেন তাঁকে কোনো শাস্তি না দেন—সেই প্রতিশ্রুতি নিয়েছেন। কারণ, ইমাম হাসান জানতেন তিনি যদি বিষদায়িনীর নাম প্রকাশ করেন, তাহলে পরিবারে অনাকাঙ্ক্ষিত এক অঘটন দেখা দেবে।
ক্ষমাশীলতা বা মহানুভবতা: ইমাম হাসান (রা.) ছিলেন ক্ষমারাজ্যের এক অভূতপূর্ব কিংবদন্তি। তাঁর আগে এ ধরনের ক্ষমার ঘটনা কেউ কোনো কালে দেখেনি। তাঁর দ্বিতীয় স্ত্রী জাএদাই তাঁর ঘাতক—এ কথা জেনেও ইমাম হাসান তাঁকে কোনো শাস্তি দেননি। বরং নির্জন কক্ষে একাকী পাশে বসিয়ে জাএদার প্রতি তাঁর গভীর ভালোবাসা ও বিশ্বাসের কথা ব্যক্ত করেছেন। জাএদার কৃতকর্মের জন্য তাঁকে শাস্তি না দিয়ে ক্ষমা করে দিয়েছেন। ইমাম হাসানের এই মহানুভবতা দেখে জাএদা অনুতপ্ত হন। তাঁর নিজের ভুল বুঝতে পেরে আত্মদহনে দগ্ধ হন। অধোমুখে অশ্রু বিসর্জন করেন। অভূতপূর্ব এই ক্ষমার কারণেই ইমাম হাসান (রা.) ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।
ভ্রাতৃস্নেহ: ভাইয়ের প্রতি ছিল ইমাম হাসানের গভীর মমত্ববোধ। মৃত্যুর আগ মুহূর্তে অনুজ হোসেনকে কাছে ডেকে আল্লাহ-রাসুলের অখণ্ডনীয় বাণীর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ইমাম হোসেনেরও ছিল ভাইয়ের প্রতি গভীর ভালোবাসা। সেই ভ্রাতৃস্নেহের কারণেই তিনি বিষ প্রদানকারী শত্রুকে হত্যা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়েছিলেন। পুত্রস্নেহ: সন্তান স্নেহ ইমাম হাসান চরিত্রের এক উজ্জ্বল দিক। মৃত্যুর পূর্বাবস্থায় ছেলে কাশেমের ভবিষ্যৎ চিন্তা করে একটি কবজ দিয়ে গেছেন। কাশেমকে নিজ বুদ্ধিতে বিভিন্ন সমস্যার সমাধান করতে বলেছেন এবং যদি সমাধান করতে না পারেন, তাহলে কবজের উল্টো পাশে লেখা নির্দেশ পালন করতে বলেছেন। সবশেষে তিনি ইমাম হোসেন (রা.)-এর মেয়ে সখিনার সঙ্গে কাশেমের বিবাহ সম্বন্ধের কথা পাকা করে গেছেন। এর মধ্য দিয়ে দায়িত্বশীল বাবা হিসেবে ইমাম হাসানের পুত্রস্নেহ প্রকাশ পায়।
স্ত্রীর প্রতি ভালোবাসা: ইমাম হাসান (রা.) তাঁর স্ত্রীদের গভীর ভালোবাসতেন। জাএদা তাঁকে বিষ পান করালেও নির্জনে, একাকী জাএদাকে পাশে বসিয়ে জাএদার প্রতি তাঁর অগাধ ভালোবাসার কথা পুনর্ব্যক্ত করেছেন। আজও যে তাঁকে ভালোবাসেন ও বিশ্বাস করেন, সে কথা বলেছেন। নিজের প্রাণঘাতক জেনেও জাএদার প্রতি কোনো ক্ষোভ, ঘৃণা বা আক্রোশ প্রকাশ না করে শুধু সামান্য আক্ষেপ প্রকাশ করেছেন।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল