২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

সৃজনশীল প্রশ্ন  অপূর্ব ক্ষমা
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা রইলো। আজ বাংলা ১ম পত্রের ‘অপূর্ব ক্ষমা’ গল্প থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা করব।

ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বীর খালেদ ইবনে ওয়ালিদ। বিভিন্ন যুদ্ধে তাঁর অপূর্ব রণকৌশল ও বীরত্বের কারণে ইসলামি সাম্রাজ্যের সীমা বাড়তে থাকে। ফলে জনগণের মধ্যে ক্রমেই একটা ধারণা হচ্ছিল যে মুসলমানদের জয়ের একমাত্র কারণ খালেদের বীরত্ব। এই ধারণা তাদের মন থেকে দূর করা প্রয়োজন। তাই ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক (রা.) সেনাপতি খালেদকে পদচ্যুত করে মামুলি সেনায় পরিণত করেন।
প্রশ্ন:
ক. ‘ঈশ্বরের নামে শপথ করিয়া বলিতেছি...’—উক্তিটি কার? ১
খ. ‘হয় আমার প্রাণ তাহাকে দিব, না হয় তাহার প্রাণ আমি লইব’—উক্তিটির দ্বারা কী বোঝানো হয়েছে? ২
গ. খলিফা হজরত ওমর ফারুক (রা.)-এর কার্যক্রম ‘অপূর্ব ক্ষমা’ গল্পের ইমাম হোসেনের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো। ৩
ঘ. ওই গুণটিই ইমাম হাসান (রা.)-কে ইতিহাসে স্বর্ণোজ্জ্বল করে রেখেছে—মন্তব্যটির যথার্থতা যাচাই করো। ৪
উত্তর: ক. ‘ঈশ্বরের নামে শপথ করিয়া বলিতেছি’—উক্তিটি ইমাম হাসানের।
উত্তর: খ. ‘হয় আমার প্রাণ তাকে দিব, না হয় তাহার প্রাণ আমি লইব’—উক্তিটির মাধ্যমে ইমাম হাসানের প্রতি ইমাম হোসেনের ভ্রাতৃপ্রেম ফুটে উঠেছে।
ইমাম হোসেনের জ্যেষ্ঠ ভ্রাতা ইমাম হাসান। মীর মশাররফ হোসেন ‘অপূর্ব ক্ষমা’ গল্পে দেখিয়েছেন যে গুপ্ত ষড়যন্ত্রের শিকার হয়ে বিষ প্রয়োগের মাধ্যমে ইমাম হাসানের দেহ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। হোসেন এই দৃশ্য দেখে প্রতিশোধপরায়ণ হন এবং ষড়যন্ত্রকারীদের হত্যা করার কথা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে ব্যক্ত করেন। শত্রু যদি বিজন বনে, অতলতলে, পর্বতগুহায় ও সপ্ততল মৃত্তিকার মধ্যেও থাকে, সেখান থেকে তাকে ধরে আনার প্রতিজ্ঞা করেন। অর্থাৎ ভ্রাতৃস্নেহের কারণেই ভ্রাতৃহত্যার প্রতিশোধ নিতে ইমাম হোসেন আলোচ্য উক্তিটি করেছিলেন।

উত্তর: গ. খলিফা হজরত ওমর (রা.)-এর কার্যক্রম ‘অপূর্ব ক্ষমা’ গল্পের ইমাম হাসানের বিচক্ষণতার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
‘অপূর্ব ক্ষমা’ গল্পে দেখা যায়, ইমাম হাসান তার বিষ প্রদানকারী স্ত্রী জাএদাকে শনাক্ত করেছিলেন। কিন্তু তিনি ইমাম হোসেনের কাছে জাএদার নাম উচ্চারণ করেননি। কারণ, তখন ইমাম হোসেনের মধ্যে প্রতিশোধস্পৃহা প্রবলভাবে কাজ করছিল। ইমাম হাসান যদি বিষ প্রদানকারীর নাম প্রকাশ করতেন, তাহলে যে ভয়াবহ এক অনিষ্ট সাধন হতো, তা বিচক্ষণতার দ্বারা ইমাম হাসান বুঝে ফেলেছিলেন। সংসারে অনাকাঙ্ক্ষিত অঘটনের আশঙ্কায় তিনি জাএদার নাম প্রকাশ করেননি এবং তাঁর মৃত্যুর পরে ইমাম হোসেন বিষ প্রদায়িনীর নাম জানলেও তাঁকে কোনো শাস্তি দিতে নিষেধ করেছেন।
উদ্দীপকে দেখা যায়, খালিদ বিন ওয়ালিদের রণকৌশল ও বীরত্বের কারণে জনগণের মধ্যে ক্রমেই একটা ধারণা হচ্ছিল যে মুসলমানদের জয়ের একমাত্র কারণ খালেদের বীরত্ব। অর্থাৎ জনগণ পরম পরাক্রমশালী আল্লাহ তাআলার ওপর আস্থাশীল না হয়ে খালিদের ওপর আস্থাশীল হচ্ছিল। এই ধারণা দূর করার জন্য হজরত ওমর ফারুক (রা.) খালেদকে সেনাপতি থেকে পদচ্যুত করে সাধারণ সেনায় পরিণত করেন। অর্থাৎ হজরত ওমর (রা.)-এর কার্যক্রম অর্থাৎ বিচক্ষণতা বা দূরদর্শিতা ‘অপূর্ব ক্ষমা’ গল্পের ইমাম হাসানের বিচক্ষণতা বা দূরদর্শিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
উত্তর: ঘ. ‘ওই গুণটিই অর্থাৎ বিচক্ষণতাই ইমাম হাসান (রা.)-কে ইতিহাসে স্বর্ণোজ্জ্বল করে রেখেছে’—মন্তব্যটি যথার্থ নয়। বরং অভূতপূর্ব ক্ষমাশীলতাই ইমাম হাসানকে মহৎ করেছে।
‘অপূর্ব ক্ষমা’ গল্পে দেখা যায়, শত্রু কর্তৃক প্ররোচিত হয়ে ইমাম হাসানের দ্বিতীয় স্ত্রী জাএদা স্বামীকে বিষ প্রয়োগ করেন। বিচক্ষণতার দ্বারা ইমাম হাসান বিষপ্রদানকারীকে শনাক্ত করতে পেরেছিলেন এবং সংসারে অনাকাঙ্ক্ষিত অঘটন ঘটার আশঙ্কায় তাঁর নাম উচ্চারণ করেননি। ইমাম হাসানের যে মহৎ গুণটি আলোচ্য গল্পে মুখ্যভাবে ফুটে উঠেছে, তা হলো ক্ষমাশীলতা। ইমাম হাসান বিষ প্রদানকারী জাএদাকে ক্ষমা করে দিয়ে এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেন। শুধু তা-ই নয়, অনুজ ইমাম হোসেনকেও ক্ষমা করতে বলেছেন এবং তাঁর মৃত্যুর পর বিষদায়িনীর পরিচয় জানতে পারলেও যেন তাঁকে কোনো শাস্তি না দেন, সে ওয়াদা করিয়েছেন। এই অভূতপূর্ব ক্ষমার ঘটনা তাঁকে ইতিহাসে স্বর্ণোজ্জ্বল করে রেখেছে।
উদ্দীপকে দেখা যায়, জনগণের মনের ভুল ধারণা দূর করতে ওমর ফারুক (রা.) সেনাপতি খালেদকে পদচ্যুত করেন। এতে তাঁর বিচক্ষণতার পরিচয় পাওয়া যায়।
উদ্দীপকের ওমর ফারুকের গুণের সঙ্গে ইমাম হাসানের বিচক্ষণতার মিল পাওয়া যায়। কিন্তু এ বিচক্ষণতার কারণে নয় বরং তাঁর ক্ষমাশীলতার দ্বারাই তিনি ইতিহাসে স্বর্ণোজ্জ্বল হয়ে আছেন। এই ক্ষমাশীলতাই তাঁকে ইতিহাসে অমর করে রেখেছে। অতএব বলা যায়, আলোচ্য মন্তব্যটি যথার্থ নয়।


সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল, ঢাকা