
সৃজনশীল প্রশ্ন অংশ-১
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘রচনার শিল্পগুণ প্রবন্ধের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব।
‘রচনার শিল্পগুণ’ পাঠ্য করার উদ্দেশ্য:
এনসিটিবি ‘বঙ্কিম রচনাবলি’ থেকে এই ‘অর্থব্যক্তি’ ও ‘প্রাঞ্জলতা’ সংগ্রহ করে ‘রচনার শিল্পগুণ’ নামে প্রবন্ধটি আমাদের জন্য পাঠ্য করেছে। এর উদ্দেশ্য হলো, নবম-দশম শ্রেণীতে ওঠার পরে অনেক শিক্ষার্থীর মধ্যে সাহিত্যবোধ জাগে। কেউ কেউ ছড়া, কবিতা, গল্প ইত্যাদি লিখতে শুরু করে। তাদের সাহিত্যবোধকে শাণিত করতে বা সাহিত্যের আঙ্গিক-গড়ন সম্পর্কে ধারণা দিতেই ‘রচনার শিল্পগুণ’ পাঠ্য করা হয়েছে। এটা পড়ে একজন শিক্ষার্থী সাহিত্য রচনা সম্পর্কে প্রাথমিক একটা ধারণা পাবে। অর্থাৎ কোনো সাহিত্যকর্মের শব্দচয়ন কেমন হতে হয়, বাক্য গঠন কীভাবে করতে হয়, কোন-জাতীয় শব্দ ব্যবহার করা যাবে, কোনটা করা যাবে না, কীভাবে সাহিত্য রচনা করলে তা পাঠকের কাছে সহজবোধ্য হবে এবং গ্রহণযোগ্যতা পাবে ইত্যাদি।
‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধের ভাববস্তু/ বিষয়বস্তু:
‘রচনার শিল্পগুণ’ বলতে এমন কতগুলো স্বাতন্ত্র্যিক গুণ বা বৈশিষ্ট্যকে বোঝায়, যা কোনো রচনা বা সাহিত্যে উপস্থিত থাকলে সমালোচক ও সাহিত্যবোদ্ধার দৃষ্টিতে সে রচনা বা সাহিত্যকর্ম সার্থক ও সফল হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে ‘অর্থব্যক্তি’ ও ‘প্রাঞ্জলতা’কেই রচনা বা সাহিত্যকর্মের প্রধান দুটি গুণ হিসেবে উল্লেখ করেছেন।
অর্থব্যক্তি: ‘অর্থব্যক্তি’ মানে অর্থ প্রকাশ। কিন্তু এর আসল কথা হলো, উপযুক্ত শব্দচয়নের মাধ্যমে লেখকের মনের কথা দ্রুত পাঠককে বুঝিয়ে বলা। অর্থাৎ লেখক যা বলতে চাইছেন, তা বোঝানোর জন্য যে শব্দ প্রয়োজন, সেই শব্দই ব্যবহার করা। যেমন একসময় লেখকেরা শুধু সংস্কৃত শব্দই ব্যবহার করতেন। তাঁদের এই রীতি অনুযায়ী ‘আদালত থেকে প্রচারিত আদেশ’ বোঝাতে সংস্কৃত শব্দ ‘বিজ্ঞাপন’ ব্যবহার করা হলে এর অর্থ দ্রুত প্রকাশ পাবে না। কারণ, বিজ্ঞাপন শব্দের অনেক অর্থ আছে। যেমন কোনো পণ্য বিক্রির কথামালা বিজ্ঞাপন, কোনো বইয়ের ভূমিকার নাম বিজ্ঞাপন, আদালত থেকে প্রচারিত আদেশের নামও বিজ্ঞাপন। তাই বিজ্ঞাপন শব্দটি কী অর্থে ব্যবহার করা হয়েছে, তা নিয়ে পাঠক বিভ্রান্তিতে পড়বে। কিন্তু ‘ইশতিহার’ আরবি শব্দ হলেও এর একটিই অর্থ— আদালত থেকে প্রচারিত আদেশ এবং এর কোনো অর্থবিভ্রান্তি নেই। তাই লেখক বিজ্ঞাপন শব্দের পরিবর্তে ইশতিহার শব্দটিই ব্যবহার করতে বলেছেন।
তবে অনেক সময় বক্তব্য প্রকাশ উপযোগী যথার্থ লৌকিক শব্দ পাওয়া না গেলে সে ক্ষেত্রে নানার্থবোধক শব্দটিই ব্যবহার করে তার পরিভাষা লিখে দেওয়ার পক্ষে মত দিয়েছেন লেখক। পরিভাষার পাশাপাশি উদাহরণ প্রয়োগের মাধ্যমে অর্থ সুস্পষ্ট করলে আরও ভালো হয়। এ প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র ‘জাতি’ শব্দের উদাহরণ দিয়েছেন। সর্বোপরি শব্দচয়নের ক্ষেত্রে লেখকের সংকীর্ণ-সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে হবে। যে শব্দটা উপযুক্ত মনে হবে, লেখক সে শব্দটাই ব্যবহার করবেন। কিন্তু সে সময় এমনটা ছিল না। তখন অনেক লেখক ‘সংস্কৃত’ ভাষার প্রতি অধিক দুর্বলতা দেখাতেন। সংস্কৃত শব্দ ছাড়া অন্য কোনো শব্দ তাঁরা ব্যবহার করতে চাইতেন না। বঙ্কিমচন্দ্র এমনটা করতে নিষেধ করেছেন।
প্রাঞ্জলতা: বঙ্কিমচন্দ্রের মতে, রচনা বা কোনো সাহিত্যের সবচেয়ে বড় গুণ ‘প্রাঞ্জলতা’, যার অর্থ সহজবোধ্যতা। অর্থাৎ লেখকের বক্তব্য-বিষয় পাঠক পড়ামাত্র বুঝতে পারলে তাকে ‘প্রাঞ্জলতা’ বলে। রচনাকে প্রাঞ্জল করার কিছু কৌশল বর্ণনা করেছেন, সেগুলো হলো:
ক) অপ্রচলিত শব্দ ব্যবহারে রচনা দুর্বোধ্য হয়। তাই সর্বজনবোধ্য, প্রচলিত ও লৌকিক শব্দ ব্যবহারের মাধ্যমে রচনাকে প্রাঞ্জল করতে হবে। এ ক্ষেত্রে হুতাশন, হুতভুক, বায়ুসখা, বৈশ্বানর ইত্যাদি অপ্রচলিত শব্দ ব্যবহারের পরিবর্তে বঙ্কিমচন্দ্র ‘অগ্নি’ শব্দটি ব্যবহারের পক্ষে মত দিয়েছেন। কারণ, অগ্নি বা আগুন শব্দটি বহুল প্রচলিত।
খ) সন্ধি, সমাসজাত শব্দের আড়ম্বর করতে নিষেধ করেছেন বঙ্কিমচন্দ্র। অর্থাৎ বেশি বেশি সন্ধি, সমাসজাত শব্দ ব্যবহার করলে রচনা দুরূহ ও দুর্বোধ্য হয়। তাই যথাসম্ভব কম ব্যবহার করাই উচিত। এ প্রসঙ্গে লেখক সমাসজাত একটি শব্দ ‘মীনক্ষোভাকুল কুবলয়’ (মীনের ক্ষোভে আকুল যে কুবলয়) ব্যবহার করে দেখিয়েছেন রচনা কতটা দুর্বোধ্য হয়।
গ) বাক্য জটিল করলে ভাব প্রকাশ বাধাগ্রস্ত হয়। ফলে জটিল বাক্য ব্যবহারের পরিবর্তে একাধিক সরল বাক্যে ভাব প্রকাশ করলে তা প্রাঞ্জল হয়। ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে লেখক একটি জটিল বাক্য (দিন দিন পল্লিগ্রাম ... দুঃখিত হইয়াছি) ভেঙে ছয়টি সরল বাক্যে রূপান্তর করে এর সত্যতা প্রমাণ করেছেন।
ঘ) বঙ্কিমচন্দ্র রচনায় বাহুল্যদোষ ঘটাতে নিষেধ করেছেন। অর্থাৎ অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক শব্দ বা বাক্য ব্যবহার না করে যে শব্দ বা বাক্যগুলো অপরিহার্য, সেগুলোই ব্যবহার করতে বলেছেন। তাঁর মতে, ‘অনর্থক কথা বাড়াইও না, অল্প কথায় কাজ হইলে বেশি কথার প্রয়োজন কী?
ঙ) বাক্য মাত্রাতিরিক্ত স্থূল হলে অর্থ বুঝতে কষ্ট হয়। তাই প্রয়োজনে বাক্যকে সম্প্রসারিত করে বাক্যের অর্থ বুঝিয়ে দিতে হবে।
সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল