২০১৪ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

প্রশ্নোত্তর  অংশ-২
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষায় সৃজনশীল অংশে ৪টি প্রশ্নে ১২ নম্বরের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হবে। নিচে কিছু গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নের উত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
অনুধাবনমূলক প্রশ্ন:
প্রশ্ন: মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন?
উত্তর: মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়। কারণ এই বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোসোম একবার বিভক্ত হয় এবং ক্রোমোসোম সংখ্যা, গঠন ও গুণাগুণ হুবহু মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা, গঠন ও গুণাগুণসম্পন্ন হয়। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন বলা হয়।
অধ্যায়-৪
জ্ঞানমূলক প্রশ্ন:
১। টিস্যু কী?
উত্তর: অবিচ্ছিন্ন ও সুসংগঠিত একগুচ্ছ কোষ, যাদের উত্পত্তি এবং কাজ একই প্রকার, তাকে বলা হয় টিস্যু।
২। সরল টিস্যু কী?
উত্তর: যেসব স্থায়ী টিস্যু একই প্রকার কোষ নিয়ে গঠিত, তাদের বলা হয় সরল টিস্যু।

৩। জটিল টিস্যু কী?
উত্তর: আকৃতি ও প্রকৃতিতে ভিন্ন কিন্তু অভিন্ন কাজ সম্পাদনকারী কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু গঠিত হয়, তাকে জটিল টিস্যু বলে।
৪। সীভনলের কাজ কী?
উত্তর: পাতার তৈরি খাদ্যদ্রব্য পরিবহন করাই সীভনলের কাজ।

অনুধাবনমূলক প্রশ্ন:
প্রশ্ন: টিস্যু সৃষ্টি হয় কেন?
উত্তর: এককোষী জীবের সব কাজ একটিমাত্র কোষেই সম্পন্ন হয়। আবার বহুকোষী জীবে অন্য ধরনের শ্রমবণ্টন ব্যবস্থা পরিলক্ষিত হয়। এ ক্ষেত্রে দেখা যায়, একগুচ্ছ কোষ খাদ্য তৈরি করে, একগুচ্ছ কোষ খাদ্য সঞ্চয় করে, একগুচ্ছ কোষ খাদ্যের উপাদান আনা-নেওয়া করে ইত্যাদি। এসব কারণে বহুকোষী জীবে টিস্যু সৃষ্টি হয়।
প্রশ্ন: উদ্ভিদের মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি হয় কেন?
উত্তর: উদ্ভিদের মূল ও কাণ্ডের শীর্ষে ভাজক টিস্যু অবস্থান করে। অবস্থান অনুসারে ভাজক টিস্যুকে শীর্ষস্থ ভাজক টিস্যু ও উত্পত্তি অনুসারে ভাজক টিস্যুকে প্রাথমিক ভাজক টিস্যু বলা হয়। এ টিস্যুর কোষগুলোর পুনঃ পুনঃ বিভাজনের ফলে উদ্ভিদের মূল ও কাণ্ড দৈর্ঘ্যে বাড়তে থাকে।

অধ্যায়-৫
জ্ঞানমূলক প্রশ্ন:
১। অঙ্গ কাকে বলে?
উত্তর: এক বা একাধিক টিস্যুর সমন্বয়ে গঠিত এবং নির্দিষ্ট কার্য সম্পাদনে সক্ষম প্রাণীদেহের অংশকে অঙ্গ বলে।
২। তন্ত্র কী?
উত্তর: একাধিক অঙ্গ মিলিতভাবে একই ধরনের শারীরবৃত্তীয় কাজ করলে তাকে তন্ত্র বলে।
৩। আবরণী টিস্যু কী?
উত্তর: যেসব টিস্যু দেহের ভেতর ও বাইরের অঙ্গগুলোর মুক্ত তলকে আচ্ছাদিত করে রাখে, তাদের আবরণী টিস্যু বলে।
৪। রক্ত কী?
উত্তর: রক্ত একধরনের ক্ষারীয়, চটচটে, ঈষত্ লবণাক্ত, লাল বর্ণের সজীব তরল যোজক টিস্যু।
৫। রক্তরসে পানির পরিমাণ কত?
উত্তর: প্রায় ৯১% থেকে ৯২% পানি।
৬। রক্ত জমাট বাঁধায় কে?
উত্তর: থ্রম্বোসাইট।
অনুধাবনমূলক প্রশ্ন:
প্রশ্ন: টিস্যু বলতে কী বোঝো?
উত্তর: একই উত্স থেকে সৃষ্ট কতগুলো কোষ আয়তন ও আকৃতিতে অভিন্ন অথবা ভিন্ন হওয়া সত্ত্বেও যখন সংঘবদ্ধভাবে একই ধরনের কাজ করে, তখন ওই কোষসমষ্টিকে টিস্যু বা কলা বলে। অন্যভাবে, একই গঠন ও কাজবিশিষ্ট একাধিক কোষ একই স্থান থেকে উত্পন্ন হয়ে একই কাজে নিয়োজিত থাকলে ওই কোষসমষ্টি এবং তাদের সৃষ্ট আন্তঃকোষীয় পদার্থকে একত্রে টিস্যু বা কলা বলে। যেমন—রক্ত একধরনের তরল যোজক টিস্যু।

সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল