ভাব সম্প্রসারণ
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ২য় পত্র থেকে একটি গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ দেওয়া হলো।
নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস,
ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।
ভাব সম্প্রসারণ: নদীর দুপারই অসন্তুষ্ট ও অসুখী। দুপার পরস্পর থেকে বিচ্ছিন্ন। কেউ কারও সম্পূর্ণ ও প্রকৃত পরিচয় জানে না। পরস্পরকে দূর থেকে দেখে দুপারই ধারণা করে যে, সব সুখ-শান্তি কেবল অন্য পারেই বুঝি।
মানুষের অবস্থাও এরূপ; কেউই সংসারে নিজের অবস্থায় সুখী নয়। কমবেশি অতৃপ্তি ও অসন্তোষ সবার নিত্যসঙ্গী। যে যত সুখ-স্বাচ্ছন্দ্যেই থাকুক না কেন, অন্যে তার অপেক্ষা অধিক সুখ-শান্তি ভোগ করছে, এ ধারণা মানুষের হূদয়ে চিরস্থায়ী অসন্তোষ সৃষ্টি করে।
আমরা কেউ অন্যের সম্পূর্ণ ও প্রকৃত অবস্থা বুঝতে পারি না। একজন তার নিজের অবস্থায় যথার্থই সুখী কি না, এ সংবাদ আরেকজন রাখে না। বাইরের চাকচিক্য দূর থেকে দেখে ভাবে, তার চেয়ে অন্যজন অনেক সুখী। নিজের অবস্থায় অসন্তুষ্ট, তাই প্রত্যেকেই অপরকে সুখী বলে মনে করে। কিন্তু অন্যের প্রকৃত অবস্থার সম্পূর্ণ পরিচয় জানা গেলে দেখা যায় সেও সুখী নয়। এ অসন্তোষ মানুষকে প্রতিনিয়ত কর্ম থেকে কর্মান্তরে নিয়োজিত করেছে।
অতৃপ্তি মানবচরিত্রের একটি স্বভাবধর্ম। অধিকাংশ মানুষই স্বীয় অবস্থায় সুখী ও সন্তুষ্ট নয়। সুখী মানুষও নিজের চেয়ে অন্যকে মনে করে বেশি সুখী। সংসারে একজন ভাবে, তার মতো দুঃখী আর কেউ নেই। অথচ প্রকৃত বিচারে তার গ্রহণযোগ্যতা খুবই অল্প। কেননা, মানুষের অফুরন্ত চাহিদাই তাকে দুঃখী করে আর মানুষের আকাঙ্ক্ষা করার ক্ষমতা অসীম, কিন্তু তাকে রূপদানের ক্ষমতা তার সীমিত। তাই সে আকাঙ্ক্ষা করে প্রচুর, কিন্তু পায় তার সামান্য ভগ্নাংশ মাত্র। হরিণের সন্ধানে অন্ধ আবেগে আমরা তার পশ্চাদ্ধাবন করতে পারি মাত্র, কিন্তু তার নাগাল কোনো দিনই পাই না। এভাবে পার্থিব সুখ অন্বেষণে ক্লান্ত হয়ে মানুষ চিরকাল শুধু অসম্ভবের পদতলে মাথা কুটে মরে। শুধু সুযোগের অভাবে, কিংবা নিয়তির প্ররোচনায় আরাধ্য অর্জিত হচ্ছে না—এই ধারণা লালন করে দীর্ঘশ্বাস ফেলে অনেকেই। অন্যের সৌভাগ্যকে চক্ষুশূল করে ঈর্ষাকাতর হয় মানুষ। সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, লাভ-ক্ষতি সবার জীবনের অঙ্গ। সবার জীবনেই আসে অপ্রত্যাশিত সুযোগ। আবার অনেক কিছু থেকেই বঞ্চিত হয় মানুষ—এই সরল সত্য উপলব্ধি না করে মানুষ অন্যের অবস্থার প্রতি ঈর্ষাকাতর হয়। সেই ঈর্ষা নতুন দুঃখের, অহেতুক অতৃপ্তি আর হীনম্মন্যতারই জন্ম দেয়। এই বিচিত্র স্বভাবের দৃষ্টান্ত একেবারে সহজদৃশ্য।
পর্ণকুটিরের অধিবাসী যেমন প্রাসাদোপম অট্টালিকার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, নিজের বিরূপ ভাগ্যে প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে, বিস্ময়কর হলেও সত্যি যে, বিপুল অর্থবিত্তের অধিকারী সেই প্রাসাদোপম অট্টালিকাবাসীও গরিবের ছিমছাম, শ্রীহীন বাড়ির দিকে তাকিয়ে নিরুপদ্রব শান্ত জীবনের পরম সুখের অলীক কল্পনা করে তৃপ্তি বোধ করে। পরকে সুখী মনে করে তোলে পরশ্রীকাতর। এতে কেবল মর্মবেদনই বাড়ে। এই হীন মানসিকতার রন্ধ্রপথেই জন্ম দিতে পারে কুপ্রবৃত্তির বা আত্মপীড়নের ইচ্ছা জন্ম দিতে পারে পরবিদ্বেষী মনোভাব। মানুষ হয়ে উঠতে পারে অন্যের অকল্যাণ প্রত্যাশী। এ ধরনের নৈরাশ্যের ভয়ংকর শিকার হয়ে নিজ ক্ষমতার অপব্যবহার করে চলছে, এমন মানুষ ও সমাজে চোখে পড়ে। কিন্তু প্রকৃত বিবেচক জানেন, মানুষের অনিঃশেষ আশা-আকাঙ্ক্ষার পূর্ণ চরিতার্থতা কখনোই সম্ভব নয়। তাই অন্যের সৌভাগ্যে দেখে দুঃখ না পেয়ে নিজের যা কিছু আছে তা নিয়ে তৃপ্ত থাকতে পারলেই অনেক মর্মযাতনা থেকে বাঁচা যায়। পাওয়া যায় তৃপ্তি ও আনন্দ। মানুষ যতই উদারভাবে একে অন্যের সৌভাগ্যকে স্বাগত জানাবে, পরস্পরের সুখ-দুঃখের অংশীদার হবে, মানুষের জীবনে ততই শান্তি, আনন্দ ও সম্প্রীতির সুবাতাস বইবে।
মানবজীবন চিরকাল সুখ-শান্তিতে কাটে না। আকাশের দিকে হাত বাড়িয়ে শূন্যতা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। চাওয়া-পাওয়ার গণ্ডি তাই মাটির কাছাকাছি হওয়া ভালো।
সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা