ভাবসম্প্রসারণ
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো বাংলা ২য় পত্র থেকে একটি ভাবসম্প্রসারণ।
পাপীকে নয়, পাপকে ঘৃণা করো
ভাবসম্প্রসারণ: মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। ভালো-মন্দ মানুষ নিয়েই এই জগৎসংসার। মানুষের প্রকৃত পরিচয় তার কাজের মধ্যে ফুটে ওঠে। যার কাজ যত ভালো, তার তত সুনাম। কিন্তু যে মন্দ কাজ করে, লোকে তাকে অপছন্দ করে, তাকে পাপী বলে। আসলে জন্মগতভাবে কেউ পাপী হয়ে জন্মায় না, নানা প্রতিকূলতাই তাকে পাপী বানায়।
চরিত্রের মহৎ গুণাবলি প্রকাশের মাধ্যমে নিজের মর্যাদা প্রতিষ্ঠিত করতে মানুষ সচেতন। এ জন্য মানুষ অন্য মানুষের ভালো দৃষ্টান্ত অনুসরণ করে নিজেকে গড়ে তুলতে চেষ্টা করে। অপরের খারাপ দৃষ্টান্তে প্রভাবিত হয়ে কেউ কেউ খারাপ হয়ে যেতে পারে। কিন্তু তা হওয়া উচিত নয়। একজন খারাপ হলেই যে দেখাদেখি নিজেকেও খারাপ হতে হবে এমন নয়। বরং নিজের মহৎ দৃষ্টান্তের মাধ্যমে অন্যের ওপর প্রভাব বিস্তার করে খারাপকে ভালো করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। খারাপ আদর্শ কখনো অনুসরণযোগ্য নয়, বরং উত্তম আদর্শের প্রভাবে অন্যের মনে স্থান লাভ করাই যথার্থ গৌরবের। মনুষ্যত্বের এই সাধনাতেই মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে। ভালো মানুষই হলো সমাজের আদর্শ। তারা চিন্তা ও কর্মে সত্য ও ন্যায়ের অনুসারী। তাদের জীবনযাপন সহজ-সরল, অনাড়ম্বর। অন্যায়ের পথে অর্থবিত্ত অর্জনের সব ধরনের মোহ থেকে তারা মুক্ত। নিজের সাধ্য ও সামর্থ্য মতো তারা অন্যের কল্যাণের চেষ্টায় সচেষ্ট থাকে। পক্ষান্তরে, যারা অধম, তারা স্বার্থান্বেষী, অর্থলোলুপ। সমাজের মঙ্গলের চেয়ে ছলে-বলে-কৌশলে অন্যায় পন্থায় নিজের স্বার্থ হাসিলই তাদের একমাত্র লক্ষ্য। স্বভাব বৈশিষ্ট্যের দিক থেকে তারা নীচ ও খল প্রকৃতির। অবৈধ পন্থায় উপর্জিত অর্থ ও বিত্তের দম্ভে তারা ধরাকে সরা জ্ঞান করে। অন্যকে শোষণ ও লুণ্ঠন করে সম্পদ বৃদ্ধিতে তাদের আনন্দ। ঈর্ষা, হিংসা, জিঘাংসা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। এ মর্মে উল্লেখ্য, দেখ ভাই চরাচরে, যে যেমন কর্ম করে, তেমনি ফল সে তার পায়। মানবজীবনের মহৎ গুণাবলির মধ্যে পরের প্রতি সহানুভূতিশীল হওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পরোপকারের মতো মহৎ গুণের তুলনা নেই। অধিকাংশ মানুষের জীবন দুঃখ-দারিদ্র্যে পরিপূর্ণ। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা সবার থাকা উচিত। জীবন সুখকর করে তোলার জন্য মানুষের জীবন থেকে অভাব-অনটন, দুঃখ-দুর্দশা দূর করতে হবে। চারিত্রিক গুণাবলির স্পর্শে সমাজের অধম ব্যক্তিও নিজের কলুষিত জীবনকে শুধরে নেওয়ার সুযোগ পায়। স্পর্শমণির ছোঁয়ায় লোহা যেমন সোনা হয়ে ওঠে, তেমনি সৎ চরিত্রের প্রভাবে মানষের পশু প্রবৃত্তি ঘুচে যায়; জন্ম নেয় সৎ, সুন্দর ও মহৎ জীবনের আকাঙ্ক্ষা। চরিত্রশক্তিতে বলীয়ান না হলে মানুষ সহাজেই হীন লালসার কবলে পড়ে অপকর্মের শিকার হয়। নানা প্রকার প্রতিকূল পরিবেশের কারণে সে হয়ে ওঠে পাপী। কিন্তু এ দোষ ব্যক্তির নয়, সমাজের। সমাজ একজন মানুষকে পাপী ও চরিত্রহীনে পরিণত করে। চরিত্রহীন মানুষের সংখ্যা বাড়লে সমাজ-জীবনে দেখা দেয় নৈতিক অধঃপতন ও মূলবোধের অবক্ষয়। নীতি-আদর্শে উজ্জীবিত চরিত্রশক্তির অভাবে জ্ঞান-বিজ্ঞানে উন্নত জাতির জীবনও হয়ে পড়ে কলঙ্কিত। নৈতিক অধঃপতনের কবলে পড়লে শিক্ষিত সমাজের শিক্ষাও হয়ে পড়ে মূল্যহীন। তাদের শিক্ষা ও জ্ঞান সমাজের কল্যাণে আসে না। পক্ষান্তরে চরিত্রবান লোক কেবল জীবন মহত্ত্ব অর্জন করে না, মৃত্যুর পরও তারা হয় স্মরণীয়-বরণীয়। কারণ, তাদের চারিত্রিক প্রভা সমাজ ও জাতীয় জীবনের অগ্রগতি ও উন্নতির পথে আলোকবর্তিকার মতো কাজ করে। হজরত মুহাম্মদ (সা.), যিশু খ্রিষ্ট, গৌতম বুদ্ধ প্রমুখ ধর্মবেত্তা; লেলিন, আব্রাহাম লিংকন, বঙ্গবন্ধু শেখ মুজিব প্রমুখ রাষ্ট্রনায়ক এবং সক্রেটিস, বিদ্যাসাগরের মতো শিক্ষাগুরুর চরিত্রশক্তি তারই উজ্জ্বল প্রমাণ। বস্তুত, চরিত্রের শক্তিতেই মানুষ হয় মহৎ। পায় সত্যিকারের গৌরব ও মর্যাদা। মানবজীবনকে করে সৌন্দর্যময় ও উৎকর্ষমণ্ডিত। চরিত্রকে মানবজীবনের অলংকার ও সম্পত্তি হিসেবে দেখা হয় এ কারণেই। এমন দৃষ্টান্ত বিরল নয়, যেখানে সাধারণ শ্রেণীর মানুষ নিজের মহৎ কর্মের জন্য মানুষের শ্রদ্ধা-ভক্তি লাভ করেছে। হজরত বেলাল (রা.) হাবসি ক্রীতদাস হয়েও ইসলামের ইতিহাসে অত্যন্ত পরিচিত। দার্শনিক ক্লিয়ান থাসের বাবা ছিলেন বাগানের মালি। কবি ভার্জিলের বাবা ছিলেন কুম্ভকার। আমেরিকার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ছিলেন সামান্য বাদাম বিক্রেতা। আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও ছিলেন রুটির দোকানের কর্মচারী। কিন্তু নীচু কুল ও বংশপরিচয় তাঁদের প্রতিভা চাপা দিয়ে রাখতে পারেনি। আপন প্রতিভা ও কর্মগুণে তাঁরা পৃথিবীর ইতিহাসে ও মানুষের হূদয়ে চিরস্থায়ী আসন গেড়ে নিয়েছেন। অপর পক্ষে প্রাতিষ্ঠানিক শিক্ষা, বংশগৌরব বা ধর্ম মানুষের পরিচয়কে যথার্থ মহিমা দিতে পারে না। তার কাজকর্ম ভালো না হলে সবাই তাকে ঘৃণার চোখে দেখে। তাই দেখা যায়, জন্ম কোথায় হলো সে প্রশ্ন অবাস্তব। মানুষের কাজেই তার মূল্যায়নের প্রকৃতি মাপকাঠি হওয়া উচিত।
সুস্থ ও স্বাভাবিক জীবনধারণের জন্য পাপমুক্ত সমাজ প্রতিষ্ঠা অনস্বীকার্য। কিন্তু তা যেন ব্যক্তিমানুষের ওপর চাপিয়ে দেওয়া না হয়, তার দিকে লক্ষ রাখতে হবে। মনে রাখতে হবে, সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠাই একজন মানুষকে কলুষমুক্ত রাখতে পারে।
সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল