২০১৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা ১ম ও ২য় পত্রের ওপর পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অশ্রুজিত রায়, সহকারী শিক্ষক, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা

প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। কয়েক দিন পর তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ আমি তোমাদের জন্য বাংলা (আবশ্যিক) অর্থাৎ প্রথম ও দ্বিতীয়পত্র সম্পর্কে কিছু বিষয় উপস্থাপন করছি। তোমরা জানো, বাংলা বিষয়ে মোট ২০০ নম্বর। এর মধ্যে ১৬০ নম্বর পেলে A+ ধরা হয়। সেহেতু উভয়পত্রেই সমান গুরুত্ব দিতে হবে। প্রথমেই বাংলা প্রথম পত্র বিষয়ে।

বাংলা প্রথম পত্রের দুটো অংশ। সৃজনশীল ও বহুনির্বাচনি। সৃজনশীল ও বহুনির্বাচনি অংশে পূর্ণ নম্বর পেতে চাইলে তোমাকে ২০১৪ সালের সিলেবাস অনুযায়ী ১৫টি গদ্য, ১৫টি কবিতা ও নির্ধারিত সহপাঠের বিষয়সমূহ বারবার পড়ে নিজের আয়ত্তে আনতে হবে। এ কাজের জন্য এখনই একটি পরীক্ষায় অংশ নিতে পারো। পরীক্ষাটি হলো প্রথমে তুমি ১৫টি গদ্য, ১৫টি কবিতার নাম মুখস্থ লেখো। দ্বিতীয়ত, গদ্য, কবিতার রচয়িতার নাম মুখস্থ লেখো। সর্বশেষ প্রতিটি গদ্য, কবিতা এবং সহপাঠে কী কী বিষয় আলোচিত হয়েছে তা ক্রমানুযায়ী লেখো। যদি লিখতে পারো তাহলে বুঝতে হবে তোমার পাঠ্যবই ভালোভাবে পড়া হয়েছে। না লিখতে পারলে অবশ্যই পড়ে পরীক্ষাটি দেওয়ার চেষ্টা করবে। প্রশ্ন হলো কেন?

উত্তর: সৃজনশীল প্রশ্ন কিংবা বহুনির্বাচনি প্রশ্নে জ্ঞানমূলক অংশ থেকে মোট ৪০ নম্বরের (সৃজনশীল অংশে ২৪, বহুনির্বাচনি অংশে ১৬) প্রশ্ন সরাসরি পাঠ্যবই থেকে আসে। একজন শিক্ষার্থীর যদি পাঠ্যবই পড়া থাকে, তাহলে বাংলা প্রথম পত্রে ৪০ নম্বর অন্তত সে পাবে। অনুধাবন অংশে মোট ৩০ নম্বর (সৃজনশীল অংশে ১৮, বহুনির্বাচনি অংশে ১২) থাকে। সেখানে একজন শিক্ষার্থীর পাঠ্যবইয়ের বিষয় জানা থাকলে তার জ্ঞানদক্ষতা কাজে লাগিয়ে ৩০ নম্বরের উত্তর করতে পারবে। প্রয়োগমূলক অংশে মোট ২০ নম্বর (সৃজনশীল অংশে ১২, বহুনির্বাচনি অংশে ০৮) থাকে। সেক্ষেত্রে একজন শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান ও অনুধাবন দক্ষতা কাজে লাগিয়ে প্রয়োগস্তরের ২০ নম্বরের উত্তর করতে পারবে। উচ্চতর দক্ষতা অংশে মোট ১০ নম্বরের (সৃজনশীল অংশে ০৬, বহুনির্বাচনি অংশে ০৪) প্রশ্ন থাকে। একজন শিক্ষার্থী যদি প্রয়োগস্তর পর্যন্ত উত্তর করতে পারে, তাহলে সে অবশ্যই উচ্চতর দক্ষতাস্তরের ১০ নম্বরের উত্তর করতে পারবে বলে আমার বিশ্বাস। সেক্ষেত্রে বহুনির্বাচনি অংশে প্রয়োগ ও উচ্চতর দক্ষতাস্তরের প্রশ্নের উত্তর করার সময় কোনো রকম তাড়াহুড়ো না করে উদ্দীপকটি ভালোভাবে পড়ে প্রশ্নের নির্দেশনাক্রমে সংশ্লিষ্ট প্রশ্নগুলো পড়ে সিদ্ধান্ত নিয়ে তারপর সঠিক উত্তরটি ভরাট করবে। মনে রাখতে হবে, ৪০টি প্রশ্নের জন্য ৪০ মিনিট সময় বরাদ্দ। সুতরাং কোনোভাবেই তাড়াহুড়ো করে ভুল উত্তরের বৃত্তটি ভরাট করবে না। সৃজনশীল প্রশ্নের উত্তর করার সময় খেয়াল রাখতে হবে একটি প্রশ্নের ১০টি অংশ তুমি লিখতে পেরেছ কি না। সে ক্ষেত্রে ৬টি প্রশ্নের ৬০টি অংশ লিখতে পারলে ৬০ নম্বর পাওয়া সম্ভব। তাহলে দেখা গেল পাঠ্যবই সম্পূর্ণ পড়া ব্যতীত কোনো শিক্ষার্থী পূর্ণ নম্বর পেতে পারে না। একটি ছকের সাহায্যে ওপরের নম্বর প্রক্রিয়ার বিষয়টি দেখানো হলো।

সৃজনশীল অংশে—                       

প্রশ্ন নং          জ্ঞান                    অনুধাবন                    প্রয়োগ উচ্চতর দক্ষতা                        নম্বর

ক                           ১                                                                                                                              ১

খ                            ১                              ১                                                                                              ২

গ                            ১                              ১                              ১                                                              ৩

ঘ                            ১                              ১                              ১                              ১                              ৪

১০ নম্বরের একটি প্রশ্নে=                  ৪                              ৩                              ২                              ১                            ১০

৬০ নম্বরের ৬টি প্রশ্নে=                ২৪                            ১৮                            ১২                           ০৬                           ৬০

বহুনির্বাচনি অংশে— ১৬                            ১২                           ০৮                            ০৪                            ৪০

সর্বমোট ৬০+৪০=১০০       ৪০                           ৩০                            ২০                            ১০                         ১০০                               

বাংলা প্রথম পত্রের জন্য একটি কথাই বলব, সৃজনশীল অংশের ০৬টি প্রশ্নের ৬০ নম্বরের উত্তর যেন যথাযথভাবে লিখতে পারো এবং তার জন্য নিয়মিত অনুশীলন করে প্রস্তুতি গ্রহণ করো।

এবার এসো বাংলা দ্বিতীয় পত্রে। বাংলা দ্বিতীয় পত্রের দুটো অংশ। নৈর্ব্যক্তিক ও রচনামূলক। নৈর্ব্যক্তিক অংশে ৫০ নম্বরের মধ্যে ব্যাকরণ থেকে ৪০টি প্রশ্ন ও বিরচন থেকে ১০টি প্রশ্ন থাকে। বিশেষ করে যদি কোনো শিক্ষার্থী পত্র ও অনুবাদ অংশের নৈর্ব্যক্তিকগুলো ভালোভাবে আয়ত্ত করে তাহলে সে ১০ নম্বর পেতে পারে। এই ১০ নম্বর থেকে যেন একটি নম্বরও কাটা না যায় সেদিকে লক্ষ রেখে উত্তর করতে হবে। ব্যাকরণ অংশের ৪০টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমার পাঠ্য বাংলা ভাষার ব্যাকরণ বইটি যথেষ্ট। এই বইটিতে পাঁচটি অধ্যায়ে মোট ৩২টি পরিচ্ছেদ আছে। প্রতিটি পরিচ্ছেদ থেকেই প্রশ্ন আসে বিধায় পরিচ্ছেদের প্রতিটি লাইন এক একটি নৈর্ব্যক্তিক প্রশ্ন। সুতরাং ব্যাকরণ বইয়ের প্রতিটি পরিচ্ছেদ মনোযোগ দিয়ে পড়তে হবে। এ ক্ষেত্রে কঠিন বিষয়গুলো যেমন—ধ্বনিতত্ত্ব, ধ্বনির পরিবর্তন, সন্ধি, সমাস, ধাতু, প্রত্যয়, ক্রিয়াপদ, ক্রিয়া-বিভক্তি, কারক, বাচ্য, বাক্যে পদ-সংস্থাপনার ক্রম পরিচ্ছেদগুলো বুঝে পড়তে হবে। ব্যাকরণ অংশের প্রায় প্রশ্নই প্রয়োগমূলক বিধায় অনুশীলন আবশ্যক।

রচনামূলক অংশে ৫০ নম্বরের মধ্যে অনুবাদ ০৫ নম্বর, পত্রলিখন ০৫ নম্বর, সারাংশ/সারমর্ম ১০ নম্বর, ভাবসমপ্রসারণ ১০ নম্বর ও প্রবন্ধ রচনায় ২০ নম্বর থাকে।  সে ক্ষেত্রে বাংলায় A+ পাওয়ার জন্য বেশি গুরুত্ব দিতে হবে প্রবন্ধ রচনায়। সেজন্য পরীক্ষায় এক ঘণ্টা সময় নিয়ে রচনা লিখবে যেন ১৭ থেকে ১৮ নম্বর তুলতে পারো। তার জন্য এখনই কিছু রচনা বাছাই করো এবং অনুশীলন করো যেন পরীক্ষায় কমন পড়লে দ্রুত লিখতে পারো। অন্য প্রশ্নগুলোর জন্য তোমার পাঠ্য ‘রচনা সম্ভার’ বইটি ভালোভাবে পড়বে।