২০১৪ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিয়ো। তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন ও নমুনা উত্তর দেওয়া হলো। (বিষয়বস্তু ঠিক রেখে ভাষাগত পরিবর্তন ও পরিবর্ধন তোমরা করতে পারবে। এটি নমুনা দেওয়া হলো)
# সিফাত অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে স্লাইডে এককোষী প্রাণীর জীবনপদ্ধতি পর্যবেক্ষণ করছিল। সে সময় তরল খাদ্য জীবটির দেহে ছোট ছোট গহ্বর আকারে গৃহীত হচ্ছিল। প্রতিকূল পরিবেশে জীবনটির দেহের চারদিকে শক্ত আবরণ তৈরি করতে পারে।
প্রশ্ন:
ক. অ্যামিবার অ্যান্ডোপ্লাজমের ভেতরের তরল অংশকে কী বলে? ১
খ. অ্যামিবার ক্ষণপদের কাজ কী? ২
গ. সিফাতের স্লাইডে দেখা গহ্বরের বর্ণনা দাও।৩
ঘ. প্রতিকূল অবস্থায় উল্লিখিত জীবটি থেকে অপত্য জীবনের জন্মপ্রক্রিয়া বিশ্লেষণ করো। ৪
উত্তর: ক. প্লাজমাসল।
উত্তর: খ. ক্ষণপদের কাজ:
১. ক্ষণপদ খাদ্য গ্রহণে সাহায্য করে।
২. এরা চলনে বিশেষ ভূমিকা পালন করে।
৩. চলনের সময় ক্ষণপদ অ্যামিবার সম্মুখ দিক নির্দেশ করে।
উত্তর: গ. উদ্দীপকে সিফাত অ্যামিবার তরল খাদ্যের উল্লেখ করেছেন, এরূপ খাদ্য গ্রহণপদ্ধতির নাম পিনোসাইটোসিস।
অনেক সময় অ্যামিবার দেহ পৃষ্ঠের এক বা একাধিক স্থানে প্লাজমা পর্দা ভাঁজ হয়ে অ্যান্ডোপ্লাজমে প্রবেশ করে। ফলে একটি নালিকার মতো অংশের সৃষ্টি হয়। এ নালিকার নাম পিনোসাইটিক নালি। তরল খাদ্যদ্রব্যসহ নালিকাটি অ্যান্ডোপ্লাজমে পিনোসোম নামক ছোট ছোট গহ্বর সৃষ্টি করে এবং পরবর্তী সময়ে অ্যান্ডোপ্লাজমে গৃহীত হয়।
উত্তর: ঘ. উল্লেখিত জীবটি হলো অ্যামিবা। প্রতিকূল পরিবেশে এরা আত্মরক্ষার জন্য দেহের চারদিকে একট প্রাচীর গড়ে তোলে। একে সিস্ট বলে।
সিস্টের ভেতরে এদের বহুবিভাজন ঘটে। প্রথম নিউক্লিয়াসের আবরণী বিলুপ্ত হয় এবং নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে অনেকগুলো ক্রোমাটিন খণ্ডে বিভক্ত হয়। ক্রোমাটিন খণ্ডগুলো প্রথমে অ্যান্ডোপ্লাজমের মধ্যে মুক্ত থাকে এবং পরে আবরণী দ্বারা আবদ্ধ হয়ে। পরবর্তী সময়ে এ ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোর চারদিকে সাইটোপ্লাজম বেষ্টিত হয় এবং অবশেষে এর চারদিকে প্লাজমালেমার সৃষ্টি হয়। প্লাজমালেমার বাইরে স্পোর আবরণী গঠিত হয়। পরে প্লাজমালেমা ভেদ করে এ স্পোরগুলো বাইরে বের হয়। অনুকূল পরিবেশ পেলে স্পোর থেকে অপত্য অ্যামিবা বাইরে মুক্ত হয়।