
প্রশ্নোত্তর অংশ-৩
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষায় সৃজনশীল অংশে ৪টি প্রশ্নে ১২ নম্বরের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হবে। নিচে কিছু গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নের উত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
জ্ঞানমূলক প্রশ্ন:
১. ICBN স্বীকৃত প্রধান একক কয়টি?
উত্তর: সাতটি।
২. মোট কত প্রজাতি নিয়ে উদ্ভিদ জগৎ গঠিত?
উত্তর: প্রায় চার লাখ ৫০ হাজার।
৩. বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের বৈজ্ঞানিক নাম কী?
উত্তর: Artocarpus heterophyllus.
৪. ICBN-এর পূর্ণনাম কী?
উত্তর: International Code of Botanical Nomenclature.
অনুধাবনমূলক প্রশ্ন:
প্রশ্ন: ভাইরাস কীভাবে বংশবৃদ্ধি করে?
উত্তর: ভাইরাস কেবল অন্য জীবকোষের ভেতরে বংশবৃদ্ধি করতে পারে। ভাইরাস প্রথমে ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করে এবং প্রোটিন আবরণটি বাইরে রেখে কেবল DNA অংশটি কোষের ভেতরে প্রবেশ করে। পরে ব্যাকটেরিয়ার DNA নিষ্ক্রিয় করে দিয়ে অনেক নতুন ভাইরাস তৈরি করে। শেষ পর্যন্ত নতুন ভাইরাসগুলো ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর নষ্ট করে বাইরে চলে আসে।
অধ্যায়-৭
জ্ঞানমূলক প্রশ্ন:
১. শ্রেণীবিন্যাসকরণ কী?
উত্তর: জীবের বিজ্ঞানসম্মত ও ধারাবাহিক বিন্যাসপদ্ধতিই হলো শ্রেণীবিন্যাসকরণ।
২. ICZN-এর পূর্ণনাম কী?
উত্তর: International Commission on Zoological Nomenclature.
৩. মৌমাছির বৈজ্ঞানিক নাম কী?
উত্তর: মৌমাছির বৈজ্ঞানিক নাম Apis indica.
৪. ক্যারোলাস লিনিয়াসের জন্মস্থান কোন দেশে?
উত্তর: সুইডেন।
৫। প্রাণীজগতের সবচেয়ে বড় পর্ব কোনটি?
উত্তর: অ্যার্থ্রোপোডা।
৬। মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত? উত্তর: কর্ডাটা।
অনুধাবনমূলক প্রশ্ন:
প্রশ্ন: প্রাণীবৈচিত্র্য বলতে কী বোঝো?
উত্তর: প্রকৃতির বিভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন অঞ্চলে সাফল্যমণ্ডিতভাবে বংশ বিস্তার করে টিকে থাকার উদ্দেশ্যে প্রাণী প্রজাতিগুলোর বহিঃ ও অন্তঃ অঙ্গসংস্থান, আকার, আকৃতি, প্রকৃতি ইত্যাদির প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে অভিযোজিত হওয়ার ফলে প্রাণীদের মধ্যে যে বৈচিত্র্যময়তার উদ্ভব ঘটেছে, তাকে প্রাণীবৈচিত্র্য বলে।
প্রশ্ন: শ্রেণীবিন্যাসকরণ বলতে কী বোঝো?
উত্তর: জীবের বিজ্ঞানসম্মত ও ধারাবাহিক বিন্যাসপদ্ধতিই হলো শ্রেণীবিন্যাসকরণ। পৃথিবীতে অসংখ্য ছোট-বড়, বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণী রয়েছে। এদের প্রতিটির সম্পর্কে পৃথকভাবে জানা কারও একার পক্ষে সম্ভবপর নয়। এ জন্য জীবদের, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীদের পারস্পরিক সম্পর্ক এবং চারিত্রিক বৈশিষ্ট্যের মিল ও অমিলের ভিত্তিতে বিজ্ঞানসম্মত উপায়ে বিভিন্ন দল বা স্তর বা ধাপে পর্যায়ক্রমে সাজানো হয়। জীবজগৎকে এই ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাসকরণ বলে।
অধ্যায়-৮
জ্ঞানমূলক প্রশ্ন:
১. হলোজোয়িক পুষ্টি কী?
উত্তর: অ্যামিবার পুষ্টিপ্রক্রিয়াকে বলা হয় হলোজোয়িক পুষ্টি।
সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল