২০১৫ সালকে ই-কমার্স বর্ষ ঘোষণা দিল ই-ক্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালকে ‘ই-কমার্স বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। একই সঙ্গে সংগঠনটি ই-বাণিজ্য অর্থাৎ ই-কমার্সবিষয়ক সেবাকেন্দ্রও চালু করার ঘোষণা দিয়েছে। ই-কমার্সে আগ্রহী যে কেউ ভার্চুয়াল এ সেবাকেন্দ্র থেকে নানা তথ্য ও পরামর্শ নিতে পারবেন বিনা খরচে। গতকাল মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা।
সম্মেলনে আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী মোস্তাফা জব্বার বলেন, ই-বাণিজ্যকে সম্প্রসারণ করতে ই-কমার্স সেবাকেন্দ্রের বিকল্প নেই, এটি একটি সময় উপযোগী উদ্যোগ। সাধারণ মানুষের মধ্যে ই-বাণিজ্যকে জনপ্রিয় করতে এই সেবাকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইন্টারনেট সংযোগদাতাদের সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান বলেন, এই উদ্যোগটি বাস্তবায়িত হলে সাধারণ মানুষের মধ্যে ই-বাণিজ্য সম্পর্কে সব রকমের ভুল ধারণা দূর হবে। ই-বাণিজ্যের প্রতি মানুষের আস্থা তৈরি হবে। সম্মেলনে ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ বলেন, ই-বাণিজ্য সম্পর্কে আরও সচেতনতা দরকার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ই-ক্যাবের পরিচালক রেজওয়ানুল হকসহ অনেকে।
ই-কমার্স বর্ষ হিসেবে আগামী বছরকে উদ্যাপন করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে ই-ক্যাব। সম্মেলনে জানানো হয়, বছরজুড়ে ই-কমার্স মেলা, সেমিনার, গবেষণা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে কর্মশালার আয়োজন এবং একটি প্রকাশনা বের করা হবে। আরও থাকবে ই-বাণিজ্য নিয়ে সরকারের সঙ্গে সমন্বিত আলোচনা।
প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে ই-ক্যাবের পরামর্শকেন্দ্র। ০৯৬১৩২২২৩৩৩ নম্বরে ফোন করে বা www.e-cab.net ঠিকানার ওয়েবসাইটে সেবা পাওয়া যাবে। —রাফাত জামিল