২০১৫ সালে আসবে স্টিম মেশিন

আগামী বছর স্টিম মেশিন নামের গেম কনসোল বাজারে আনবে গেম নির্মাতা প্রতিষ্ঠান ভালভ। আগামী বছরের শুরুতেই এই কনসোল গেমারদের হাতে তুলে দেওয়া হবে বলে মনে করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। গত কয়েক বছর ধরেই এই গেম কনসোলটি তৈরির চেষ্টা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ বছরে বাজারে আসার কথা থাকলেও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, গেম সিস্টেম কন্ট্রোলারের কিছু কাজ এখনও বাকি থাকায় এ বছর বাজারে কনসোল ছাড়া হচ্ছে না। খবর বিবিসির।
প্রায় দুই বছর ধরে গবেষণা ও নকশা নিয়ে কাজ করার পর ২০১৩ সালে স্টেম কন্ট্রোলারের ঘোষণা দিয়েছিল ভালভ।
এর আগে ভালভ কর্তৃপক্ষ ওপেন সোর্স লিনাক্সের উপর ভিত্তি করে তাদের নিজেদের তৈরি অপারেটিং সিস্টেম স্টিমওএস-এর ঘোষণা দিয়েছে যা বিভিন্ন কাস্টম-মেড স্টিম মেশিনে চলবে। ভালভ জানিয়েছে, বেশ কয়েকটি নকশার বিভিন্ন দামের স্টিম মেশিন তৈরিতে কাজ করছে তারা। এ ছাড়াও গেম ডেভেলপারদেরও লিনাক্সের জন্য উপযোগী করে গেম তৈরি করতে উত্সাহ দিয়ে আসছে।
ভালভের লক্ষ্য হচ্ছে নিজেদের পাশাপাশি তৃতীয় পক্ষের নির্মাতাদের মাধ্যমেও স্টিমওএস-চালিত স্টিম মেশিন বা স্টিমবক্স তৈরি করে বাজারজাত করা। এতে করে হার্ডওয়্যার ভালভের না হলেও সফটওয়্যার (স্টিমওএস) ভালভেরই থাকছে এবং গেম কিনতে হলে ভালভের স্টিম মার্কেটপ্লেসের মাধ্যমেই কিনতে হবে।
অবশ্য মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, এখনও গেমারদের একটি বড় অংশ উইন্ডোজ-ভিত্তিক হার্ডওয়্যারে গেমের ওপর নির্ভর করেন বলে ভালভের এই লিনাক্সভিত্তিক উদ্যোগ একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। তবে, একাধিক পরীক্ষায় উইন্ডোজের চেয়ে অপটিমাইজ করা লিনাক্স মেশিনে গেমের পারফরম্যান্স তুলনামূলক ভালো পাওয়া গেছে, যা ইতোমধ্যেই বেশ কিছু গেম ডেভেলপারদের নজর কেড়েছে। ভালভ কর্তৃপক্ষ তাদের জনপ্রিয় কিছু গেম লিনাক্সের উপযোগী করে ইতোমধ্যেই মুক্তি দিয়েছে।