২০১৬ সাল নাগাদ আইফোনকে ছাড়িয়ে যাবে উইন্ডোজ ফোন
২০১৬ সাল নাগাদ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন-বিক্রেতা অ্যাপলের আইফোনকে ছাড়িয়ে যাবে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি) সম্প্রতি এ তথ্য জানিয়েছে।আইডিসির তথ্য অনুসারে, ২০১৬ সাল নাগাদ অ্যান্ড্রয়েডের ব্যবহার কমে ৫২ দশমিক ৯ শতাংশে নেমে আসবে আর উইন্ডোজ পৌঁছাবে ১৯ দশমিক ২ শতাংশে। ১৯ শতাংশ বাজারের দখল নিয়ে অ্যাপল থাকবে ৩ নম্বরে। চলতি বছরে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বাজারের শীর্ষে রয়েছে। স্মার্টফোনের বাজারে ৬১ শতাংশ অ্যান্ড্রয়েডের দখলে। দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপল। অ্যাপলের শেয়ার ২০ দশমিক ৫ শতাংশ। ৬ শতাংশ বাজার দখল করে এখনো তৃতীয় অবস্থান ধরে রেখেছে রিসার্চ ইন মোশন রিম। এর পরের অবস্থানে রয়েছে উইন্ডোজ ফোন। উইন্ডোজের বাজার শেয়ার ৫ দশমিক ২ শতাংশ।কানাডার টরেন্টোতে ২০ জুন অনুষ্ঠিত কানাডিয়ান টেলিকম সামিটে এ তথ্য জানিয়েছে আইডিসি। আইডিসির ভাষ্য, উইন্ডোজ ফোনেই নকিয়ার ভবিষ্যত্। আর মোবাইল ইকোসিস্টেম তৈরিতে মাইক্রোসফট, অ্যাপল ও গুগল—এই তিনটি প্রতিষ্ঠানই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।